খাদ্য সংকট পরিদর্শনে নাইজার যাচ্ছেন আনান
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের খাদ্য সংকট সচক্ষে দেখতে ও সংকট নিয়ে দেশটির প্রেসিডেন্ট তান্দজার সাথে আলোচনা করতে জাতিসংঘ মহাসচিব কফি আনান নাইজার যাচ্ছেন।
দুই দিনের নাইজার সফরে কফি আনান হাসপাতাল ও সরাইখানা পরিদর্শন ও সেখানে নিযুক্ত জাতিসংঘ কর্মকর্তা ও সাহায্যকর্মীদের সাথে কথা বলবেন।
জাতিসংঘ জানিয়েছে, নাইজারের দুই দশমিক পাঁচ মিলিয়ন বয়স্ক লোক ও ৩২,০০০ শিশু মারাত্মক খাদ্যাভাবে ভূগছে।
এ অবস্থায় জাতিসংঘ জরুরি সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে। তবে প্রদত্ত ত্রাণ দ্রুত বন্টন করতে না পারায় জাতিসংঘ সমালোচনার সম্মুখীন হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, নাইজারের খাদ্য সংকট মোকাবেলা করার জন্য সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে ৮১ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা চেয়েছিল, আন্তর্জাতিক সম্প্রদায় তার অর্ধেকের কম সরবরাহ করেছে।
জাতিসংঘ মহাসচিবের সফরের আগে প্রকাশিত এক বিবৃতিতে এমএসএফ জানায়, ত্রাণের অসম বন্টনের কারণে পাঁচ বছরের নিচের শিশুরা সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছে। বিবৃতিতে বলা হয়, সংখ্যা বা পরিমাণ কোনও দিক থেকেই অপুষ্টিজনিত মহামারী রোধ করতে জাতিসংঘ সাড়া দিতে পারছে না।
মহাসচিব আনান খরাক্রান্ত পূর্বাঞ্চলীয় প্রদেশ জিন্দারের একটি হাসপাতাল পরিদর্শন করবেন এবং এমএসএফ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন।
নাইজারের পরিস্থিতি, খাদ্য, নিরাপত্তা, উন্নয়ন ও গণতন্ত্র নিয়ে আনান বৃহস্পতিবার প্রেসিডেন্ট মামাদু তান্দজার সাথে রাজধানী নিয়ামিতে বৈঠক করবেন।
