২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীর থেকে ইসরাইলি বসতি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু

বসতি প্রত্যাহারের সরকারের চূড়ান্ত পরিকল্পনা কার্যকর করতে ইসরাইলি সেনাবাহিনী পশ্চিম তীরের দু’টি বসতি স্থাপনায় প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 09:55 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বসতি প্রত্যাহারের সরকারি নির্দেশ অমান্য করে ২,০০০ সশস্ত্র বসতি স্থাপনকারী ও বসতি প্রত্যাহার-বিরোধীরা সেনাবাহিনীর উচ্ছেদ অভিযান প্রতিহত করতে প্রস্তুত। সেখানে বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

ইসরাইলি সেনা কর্মকর্তারা জানিয়েছেন, গাজা উপত্যকার ২১টি ইসরাইলি বসতির ৮,৫০০ ইহুদিকে তাদের বসতি থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

১৯৬৭ সালের ছয়দিনের আরব-ইসরাইল যুদ্ধে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড এই প্রথমবারের মত ইসরাইল স্বেচ্ছায় ত্যাগ করল।

ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনকে টেলিফোনে বলেছেন, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদি বসতি প্রত্যাহার মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় নতুন অধ্যায়ের সূচনা করবে। শ্যারনের কার্যালয় দু’ নেতার এই টেলিআলাপের এ খবর জানিয়েছে।

গাজা উপত্যকায় মোতায়েনকৃত হাজার হাজার ইসরাইলি সেনাকে এখন পশ্চিম তীরে মোতায়েন করা হচ্ছে। পশ্চিম তীরের দু’টি ইহুদি বসতি সানুর ও হোমেসে সেনাবাহিনী বড় ধরনের প্রতিরোধের মুখোমুখি হবে বলে আশংকা করা হচ্ছে।

দু’টি বসতি সেনাবাহিনী ঘিরে ফেলেছে। মঙ্গলবার সকাল থেকেই সেনাবাহিনী বসতি প্রত্যাহার অভিযান শুরু করবে।

বসতি প্রত্যাহার-বিরোধীরা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও স্টান গ্রেনেড নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানা গেছে।

গাজা উপত্যকা ও পশ্চিম তীর থেকে ইহুদি বসতি প্রত্যাহার অল্প কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেলেও দখলকৃত স্থান সেনামুক্ত হতে মাস খানেক লেগে যেতে পারে। এর পরপরই ফিলিস্তিন কর্তৃপক্ষ গাজা ও পশ্চিম তীরের ভূমি ব্যবহার করতে পারবে।