ইরাকের খসড়া সংবিধান প্রণয়নে নতুন সময়সীমার ঘোষণা
খসড়া সংবিধান প্রণয়নে ঐকমত্যে পৌঁছাতে ইরাকি নেতারা আরও তিনদিন সময় পেয়েছেন।
খসড়া সংবিধান পার্লামেন্টে উপস্থাপন করার আগে বেঁধে দেয়া সময়সীমা (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টা) শেষ হয়ে যাওয়ার পরও সংবিধান প্রণয়ন করতে বিবদমান সম্প্রদায়গুলো কোন ঐকমত্যে পৌঁছাতে না পারায় নতুন করে সময়সীমা বেঁধে দেয়া হল।
সময়সীমা শেষ হয়ে যাওয়ার অল্প কিছুক্ষণ আগে ইরাকের জাতীয় পরিষদের সদস্যরা এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। তবে এ সময় কোন ভোটের আয়োজন করা হয়নি।
বিতর্কিত কয়েকটি ইস্যুতে কুর্দি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে সমঝোতা হওয়ার একদিন পরেই নতুন সময়সীমা ঘোষণা দেয়া হল। তবে সুন্নি সম্প্রদায় প্রতিবাদ করে বলেছে, নতুন বিষয় খসড়া সংবিধানে অন্তর্ভূক্ত হলে ইরাক ভেঙ্গে যাবে। অপরদিকে কুর্দি সম্প্রদায় সুন্নি সম্প্রদায়ের অনুমোদন ছাড়া খসড়া সংবিধানে কোন নতুন বিষয় অন্তর্ভূক্ত করতে রাজি হচ্ছে না।
প্রকৃতপক্ষে খসড়া সংবিধান প্রণয়নের সময়সীমা শেষ হয়ে গেছে ১৫ আগস্ট। কিন্তু ওই সময়ের মধ্যে খসড়া সংবিধানের ব্যাপারে ইরাকি নেতারা কোন ঐকমত্যে পৌঁছাতে না পারায় সময়সীমা বাড়িয়ে সোমবার মধ্যরাত করা হয়। তারপরও তারা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।
যে যে বিষয়ে ঐকমত্য হচ্ছে না তার মধ্যে অন্যতম হচ্ছে ফেডারেল শাসন। সুন্নিদের ভয়, ফেডারেল শাসনের ফলে দক্ষিণ ইরাকে একটি শিয়া-শাসিত অঞ্চল গঠিত হবে, যেমনটি হবে কুর্দি-শাসিত উত্তরাঞ্চল। আর শিয়া-শাসিত অঞ্চল মানেই সেখানে ইরানের আধিপত্য বৃদ্ধি পাওয়া। আর দু’টি স্বায়ত্তশাসিত এলাকা গঠিত হলে ওই অঞ্চলের বিশাল তেল সম্পদের অংশীদারিত্বের ব্যাপারে সুন্নিদের অনেক ছাড় দিতে হবে।
অবশ্য সুন্নিদের কোন সহায়তা ছাড়াই খসড়া সংবিধান প্রণয়ন করার মত যে কোন সিদ্ধান্ত নিতে পার্লামেন্টে শিয়া ও কুর্দিদের কোন সমস্যা হবে না। কারণ, তাদের সেখানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু সুন্নিদের বাদ দিয়ে কোন সিদ্ধান্ত নিতে গেলে দেশের অস্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে এই আশংকায় শিয়া ও কুর্দিরা সুন্নিদের বাদ দিয়ে কোন কিছু করতে চাচ্ছে না।
মধ্যরাতের সময়সীমা পেরিয়ে যাওয়ার আগে শিয়া সমঝোতাকারী জাওয়াদ মালিকি বলেন, ঐকমত্যে উপনীত হওয়ার জন্য আমরা প্রয়োজনীয় যাবতীয় কর্ম সম্পাদন করেছি।
আর ফেডারেল শাসনের ব্যাপারে সুন্নি প্রস্তাবিত সংশোধনী গ্রহণ করা হয়েছে বলে সমঝোতাকারী সালেহ মুতলাক জানিয়েছেন।
