২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আধুনিক ইমাম চেয়েছে অস্ট্রেলীয় মুসলিম যুবকরা

বৈচিত্র্যময় সংস্কৃতির অস্ট্রেলিয়ায় আধুনিক মানসিকতায় গড়ে ওঠা, প্রশিক্ষণপ্রাপ্ত ও দেশীয় বংশোদ্ভূত ব্যক্তিদের ইমাম পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে অস্ট্রেলীয় মুসলিম যুবকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 03:25 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

মুসলিম যুবকরা বলছেন, স্থানীয় মুসলিম সম্প্রদায়কে অবশ্যই আধুনিক মনস্ক ও সমাজের মূলস্রোতের সাথে মিশতে পারার ক্ষমতা থাকতে হবে। তারা সর্তক করে বলেন, যারা খাপ খাওয়াতে চাইবে না, তারা উগ্রপন্থী হতে বাধ্য।

উদারমনা যুব ফোরামের প্রধান কুরান্ডা সায়িদ বলেন, অস্ট্রেলিয়ার ইসলামী সম্প্রদায় থেকে সন্ত্রাসের কোনো হুমকি আছে বলে আমরা মনে করি না। তবে লাদেনের প্রতি সহানুভূতিশীল কিছু অস্ট্রেলীয় আছে, যারা উগ্র মনোভাব লালন করে।

সায়িদ বলেন, অস্ট্রেলিয়ায় বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা ছোট ছোট মসজিদগুলোকে দেশের মূলস্রোতের মসজিদগুলোর কাতারে নিয়ে আসতে হবে। অপেক্ষাকৃত ছোট মসজিদগুলোতেই ধর্মীয় কুসংস্কার ও অন্ধ বিশ্বাসকে উস্কে দেওয়া হয়।

মুসলিম যুব ফোরাম ইমাম নিয়োগের পূর্বে ছয়টি পয়েন্টের ওপর গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে। সেগুলো হচ্ছে-মসজিদ পরিচালনার ন্যূনতম যোগ্যতা, ইংরেজি জানার মাত্রা নির্ধারণ, অস্ট্রেলিয়ার সমাজব্যবস্থা, নিয়ম-কানুন, ঐতিহ্য এবং রাজনীতি সর্ম্পকে মৌলিক ধারণা থাকতে হবে। এছাড়া ইমাম তৈরির জন্যে দেশে একটি ইসলামী প্রতিষ্ঠান গড়ে তোলারও প্রস্তাব করা হয়।

বর্তমানে অস্ট্রেলিয়ার দুই কোটি জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা তিন লাখ এবং প্রধানত সিডনি ও মেলবোর্ন শহরেই এদের বসবাস।