২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের খসড়া সংবিধান প্রণয়ন নিয়ে অনিশ্চয়তা কাটেনি

পার্লামেন্টে খসড়া সংবিধান উপস্থাপনের সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও সংবিধান প্রণয়নের ক্ষেত্রে ইরাকের দ্বিধা বিভক্ত সম্প্রদায়গুলো কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 09:41 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

সংশ্লিষ্ট কর্মকর্তারা খসড়া সংবিধান প্রণয়ন নিয়ে আলোচনার জন্য আরও সময় নিতে পারেন বলে ধারনা করা হচ্ছে। আর তা না হলে নাটকীয়ভাবে পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার ঘোষণাও আসতে পারে।

ইরাকের তিন প্রধান ইসলাম ধর্মীয় সম্প্রদায় শিয়া, সুন্নি ও কুর্দি নেতৃবৃন্দ খসড়া সংবিধানে কেন্দ্রীয় সরকার, তেল ও ইসলামের ভূমিকা কেমন হবে সে ব্যাপারে কোন ঐকমত্যে পৌঁছাতে পারেননি।

আগস্টের ১৫ তারিখে খসড়া সংবিধান উপস্থাপনের কথা থাকলেও সময়সীমা বাড়িয়ে সোমবার মধ্যরাত (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ২টা) পর্যন্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মুখপাত্র লেইথ কুব্বা সাংবাদিকদের বলেন, নতুন সময়সীমা অনুযায়ী খসড়া সংবিধান যদি জাতীয় পরিষদে উপস্থাপন না করা হয়, তাহলে এর সময়সীমা এক সপ্তাহ বৃদ্ধি করা হতে পারে। আর তা না হলে পরিষদ ভেঙ্গে দেয়া হতে পারে। সেক্ষেত্রে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে।

তবে বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে, ইরাকে নতুন কোন নির্বাচন নিয়ে কারো কোন আগ্রহ নেই। আর তাই দ্বিতীয় বারের মত বেঁধে দেয়া সময়সীমার (সোমবার মধ্যরাত) মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করা না হলেও সেক্ষেত্রে সময়সীমা এক সপ্তাহ বৃদ্ধি করাটাই সবার প্রথম পছন্দ হিসেবে থাকবে।

ইরাকি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিভক্ত সম্প্রদায়গুলো কিছু কিছু ইস্যুতে দূরত্ব কমিয়ে আনতে পারলেও লিখিতভাবে খসড়া সংবিধান প্রণয়নের ক্ষেত্রে তাদের দূরত্ব রয়েই গেছে।

মুখপাত্র কুব্বা বলেন, মতপার্থক্য অনেক কমে গেছে। সবাই একটি ঐকমত্যে পৌঁছাতে আগ্রহী। আর ঐকমত্যই ভবিষ্যত ইরাকের জন্য প্রয়োজনীয়।

খসড়া সংবিধানের অনুমোদন সংক্রান্ত একটি গণভোট অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সংবিধান অনুমোদিত হলে এর আওতায় ডিসেম্বরে একটি পূর্ণাঙ্গ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।