১১ সেপ্টেম্বরের হামলা : মরোক্কোর এক নাগরিকের কারাদন্ড
২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মঘাতী বিমান হামলাকারীদের বন্ধু এবং আফগানিস্তানে জঙ্গি প্রশিক্ষণ গ্রহণকারী মরক্কোর নাগরিক মুনির আল-মোতাসাদেককে জার্মানির একটি আদালত শুক্রবার সাত বছরের কারাদন্ড দিয়েছে।
জার্মানির সন্ত্রাসবাদী একটি সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে এই শাস্তি দেয়া হল।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে মোতাসাদেকের (৩১) বিরুদ্ধে এই রায় দেয়া হয়। মোতাসাদেকই প্রথম ব্যক্তি যিনি ৯/১১ হামলার সাথে পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হলেন।
অবশ্য তার বিরুদ্ধে ২০০৩ সালে দেয়া রায় জার্মানির সুপ্রিম কোর্ট ২০০৪ সালের মার্চে বাতিল করে দিয়ে পুনর্বিচারের নির্দেশ দেয়। ২০০৪ সালের আগস্ট মাসে পুনর্বিচার শুরু হয়।
আদালতের কাছে মোতাসাদেক স্বীকার করেছে যে, ৯/১১ বিমান হামলার সাথে জড়িতদের মধ্যে তিন আত্মঘাতী হামলাকারী তার বন্ধু ছিল। এছাড়া ২০০৪ সালের শুরুর দিকে আফগানিস্তানে আল-কায়েদা প্রশিক্ষণ ক্যাম্পে সে অংশ নেয় বলে জানায়।
তবে এক বছরের দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর হামবুর্গের আদালত বলেছে, বিমান ছিনতাই ও হামলা ষড়যন্ত্রের সাথে তার সম্পর্ক ছিল, এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।
মোতাসাদেক আরও স্বীকার করেন, একজন মুসলমান হিসেবেই সে কেবল বিমান ছিনতাইয়ের পক্ষে সমর্থন দিয়েছে। তবে নিউইয়র্ক ও ওয়াশিংটনে হামলার ব্যাপারে সে আগে থেকে কিছু জানত না বলে জানায়।
২০০১ সালের নভেম্বর মাসে তাকে হামবুর্গ থেকে আটক করা হয়।
