২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলীয় নাগরিক হত্যা তদন্তে লন্ডন যাচ্ছে ব্রাজিলের তদন্তকারীরা

লন্ডনের স্টকওয়েল স্টেশনে পুলিশের গুলিতে নিহত ব্রাজিলীয় নাগরিক জ্যঁ চার্লস ডি মেনেজেসের হত্যাকাণ্ডের ব্যাপারে ব্রিটিশ তদন্ত দলের সাথে কথা বলতে ব্রাজিলের একটি তদন্তকারী দল আগামী সপ্তাহে লন্ডন যাবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 02:43 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মেনেজেসের নিহত হওয়া নিয়ে যে ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে তা থেকে বেরিয়ে এসে সত্য ঘটনা জানতে ব্রাজিলীয় তদন্ত দল ইন্ডিপেনডেন্ট পুলিশ কমপ্লেইন্ট কমিশনের কাছে জানতে চাইবে।

লন্ডনের স্টকওয়েল পাতাল স্টেশনে ২২ জুলাই সাদা পোশাকধারী পুলিশের গুলিতে মেনেজেস নিহত হয়।

লন্ডনের পাতাল রেল স্টেশন ও বাসে ব্যর্থ বোমা হামলার একদিন পরে এ ঘটনা ঘটে।

মেনেজেসের মৃত্যু সম্পর্কে পুলিশ যে ভাষ্য বরাবর দিয়ে এসেছে, তার সাথে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের অসামঞ্জস্যতা রয়েছে। তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার আগেই প্রতিবেদনের অনেকাংশ ফাঁস হয়ে গেছে।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, মিডিয়ার বিভিন্ন ধরনের ব্যাখ্যা ও বিবৃতি মেনেজেস হত্যাকাণ্ড নিয়ে সরকারের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। আর এ কারণেই ব্রাজিলের দুই বিচার কর্মকর্তা আগামী সপ্তাহে লন্ডনে গিয়ে সেখানে ব্রিটিশ তদন্ত কমিটির সদস্যদের সাথে কথা বলবে।