২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছায় গাজ থেকে ইহুদি বসতি প্রত্যাহারের সময়সীমা শেষের দিকে

গাজা উপত্যকা ও পশ্চিম তীরের কয়েকটি অংশের ইসরাইলি বসতি স্থাপনকারীদের মধ্যে যারা এখনও স্বেচ্ছায় বসতি প্রত্যাহার করেননি, তাদের জন্য সরকারের বেঁধে দেয়া সময়সীমা দ্রুত ফুরিয়ে আসছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 10:34 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

সরকারি নির্দেশ না মেনে এই সময়ের মধ্যেও যারা বসতি প্রত্যাহার করবেন না, তাদেরকে জোরপূর্বক স্থানত্যাগে বাধ্য করা হবে বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে।

সরকারি নির্দেশ মতে, মঙ্গলবার মধ্যরাতের মধ্যে (বাংলাদেশী সময় বুধবার ভোর ৩টা) বসতি স্থাপনকারীরা গাজা উপত্যকার সবক’টি ও পশ্চিম তীরের চারটি ইহুদি বসতি থেকে নিজেদের প্রত্যাহার করে না নিলে ইসরাইলি সেনাবাহিনী তাদেরকে বসতি প্রত্যাহারে বাধ্য করবে।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন বসতি প্রত্যাহারের ঘটনাকে একটি বেদনায়ক কিন্তু জাতির ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন।

শ্যারন বলেন, আমরা চিরদিন গাজা উপত্যকা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি না। সেখানে এক মিলিয়নের বেশি ফিলিস্তিনি বর্তমানে বসবাস করছে এবং তাদের সংখ্যা প্রতি প্রজন্মে দ্বিগুন হয়ে যাচ্ছে।

শ্যারন বলেন, তারা দারিদ্র্য, হতাশা, ঘৃনা ও আশাহীনতা নিয়ে জনবহুল শরণার্থী শিবিরগুলোতে বাস করে।

বসতি প্রত্যাহারে বিপদের যে সম্ভাবনা রয়েছে শ্যারন তা স্বীকার করেছেন। তারপরও ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার কাছে এটা সর্বোৎকৃষ্ট উপায় বলে মনে হয়েছে। তার উপর আস্থা রাখার জন্য শ্যারন সকল ইসরাইলি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বসতি প্রত্যাহারের পরও ফিলিস্তিন যদি জঙ্গি সংগঠনগুলোকে দমন করতে ব্যর্থ হয়, সে ব্যাপারে ইসরাইল কঠিন পদক্ষেপ নেবে বলে শ্যারন কঠোর হুশিয়ারি ব্যক্ত করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনিরা কি পদক্ষেপ নেয়, তা দেখার জন্য বিশ্ব আজ অপেক্ষা করছে। ইসরাইলের প্রতি যে কোনও অহিংস আচরণ আমরা ইতিবাচকভাবে স্বাগত জানাব। তবে আমাদেরকে আক্রমণের চেষ্টা হলে তার জবাব আমরা কঠোরভাবেই দেব।

সোমবারের বসতি প্রত্যাহারের সময় প্রতিবাদকারীদের সাথে অনেক সেনাকেও কাঁদতে দেখা গেছে। অনেক জায়গায় প্রতিবাদকারীরা সেনাবাহিনীর কাজে বাধা দিয়েছে। তবে প্রতিবাদকারীদের অধিকাংশ প্রতিরোধই ছিল অহিংস। গাজা উপত্যকার উত্তরের আলিই সিনাই এলাকায় দাঙ্গার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে সেনাবাহিনী জোরপূর্বক বসতি প্রত্যাহার করবে এমন খবর থেকেই দাঙ্গার সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে দাঙ্গায় হতাহতের কোন খবর পাওয় যায়নি।

গাজা উপত্যকার ৮,৫০০ ইসরাইলি বসতির অর্ধেকই ইতোমধ্যে বসতি প্রত্যাহার করেছে। তবে বাকিদের সাথে ইসরাইল ও পশ্চিম তীর থেকে আগত ৫,০০০ ডানপন্থী ইহুদি যোগ দিয়েছে।

১৯৬৭ সালের আরব-ইসরাইল ছয়দিনের যুদ্ধের পর এই প্রথম ইসরাইল ফিলিস্তিনি ভূমি থেকে বসতি প্রত্যাহার শুরু করল।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা থেকে ইসরাইলি বসতি প্রত্যাহারকে ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন। পাশাপাশি পশ্চিম তীর থেকেও বসতি প্রত্যাহার করতে আব্বাস ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।

বসতি প্রত্যাহারের ঘটনাকে স্বরণীয় করে রাখতে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক গাজা সিটিতে মিছিল করেছে। হামাসসহ অন্যান্য জঙ্গি সংগঠনের ডাকে গন প্রার্থনায় অংশগ্রহণের জন্য অনেকে মসজিদে মিলিত হয়েছে।