২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের নতুন সংবিধান নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা অব্যাহত

ইরাকের নতুন সংবিধান নিয়ে বাগদাদে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। আর মাত্র একদিন পরই বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করা হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক দর কষাকষি চলছে।

সুন্নিরা জানিয়েছে, তারা ইরাকে ফেডারেল সরকারকে সমর্থন করবে না। এছাড়া তারা সম্পদের বিভাজনের ব্যাপারেও বিরোধিতা জানিয়েছে। সংবিধান নিয়ে রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছতে না পারায় সোমবার পর্যন্ত পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়।

সংবিধানে সুন্নি সম্প্রদায়ের প্রতিনিধি সালেহ মোতলাক বলেছেন, সংবিধানের বেশিরভাগ বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে। অবশ্য, শিয়া নেতা বাহা আল-আরাজি বলেছেন, দিনের শেষে তারা একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন।

ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি বলেছেন, ইতোমধ্যে সংবিধানের অনেক বিষয় নিয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছা গেছে। যুক্তরাষ্ট্রে ইরাকি রাষ্ট্রদূত জালমে খলিলজাদ টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেছেন, সোমবারের মধ্যে তারা একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেন। কিছু রাজনীতিবিদ অবশ্য বলছেন, পার্লামেন্টে সুন্নি সম্প্রদায় উপস্থিত না থাকলেও নতুন সংবিধান পাসের বিষয়টি বাধাগ্রস্ত হবে না।