পাটনার রাস্তার কুকুর ও শূকর নির্মূল অভিযানে বিষাক্ত রসগোল্লা
ভারতের পাটনার রাস্তায় যত্রতত্র ঘুরে বেড়ানো শূকর ও কুকুরের উৎপাতে রোধে রসগোল্লার সাথে বিষ মিশিয়ে হত্যা করার ঘোষণা করেছে মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ।
রাস্তায় যানজট, দুর্ঘটনা, পরিবেশ দূষণ, রোগ বিস্তার ও আক্রমণের ভয় সবসময় তাড়া করে বেড়ায় পথচারীদের। দিল্লী নগর কর্তৃপক্ষ গরু ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে। তবে বিহার রাজ্যের পাটনা মিউনিসিপ্যাল কমিশনার রাস্তার শূকর ও কুকুরকে প্রথমে গুলি করে হত্যা করার নির্দেশ দিলেও এখন রসগোল্লার সাথে বিষ মিশিয়ে এদেরকে নির্মূল করার পরিকল্পনাকেই শ্রেয় মনে করছেন।
গভীররাতে রাস্তার জন্তদের বিষাক্ত রসগোল্লা দিয়ে আপ্যায়ণ করা হবে যাতে তারা গভীর নিদ্রায় শান্তিতে মরতে পারে। পাটনার রাস্তায় কমপক্ষে এক লাখ কুকুর রয়েছে। এরা প্রতি মুহূর্তে জনগণকে আক্রমণ এবং শহরের নিরাপত্তা ও সৌন্দর্য নষ্ট করছে। আগামী শীতে এদের সংখ্যা অনেক বেড়ে যাবে বলে মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের ধারনা। এর আগেই এদের নির্মূলের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে কর্তৃপক্ষ।
তবে বিষাক্ত মিষ্টি খাইয়ে প্রাণী হত্যার এই পরিকল্পনা নিয়ে পরোক্ষ চাপ এখনই অনুভব করছেন কর্মকর্তারা। কিন্ত এ ব্যপারে তারা সতর্ক এবং সবকিছু উপেক্ষা করে নিধন অভিযান অব্যাহত রাখার ব্যপারে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ।
