শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা, বিশ্ব নেতৃবৃন্দের নিন্দা
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী লক্ষণ কাদির গামা শুক্রবার বন্দুকধারীদের গুলিতে নিহত হওয়ার পর প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা শনিবার রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিশ্ব নেতৃবৃন্দ এ নৃশংস হত্যাকান্ডের নিন্দা জানিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পররাষ্ট্র মন্ত্রী মারা যাওয়ার পর শ্রীলঙ্কার সেনাবাহিনী রাজধানী ছেড়ে যাওয়া প্রতিটি যানবাহন তল্লাসী চালাচ্ছে।
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং খুনী সন্ত্রাসীদের ধরতে কার্যকরী তদন্তের স্বার্থেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে।
সরকারের সাথে তামিল বিদ্রোহীদের শান্তি আলোচনার মধ্যস্থতা করেছিল নরওয়ে। সংঘাত নিরসনে নরওয়ের পর্যক্ষেক দলের একজন মুখপাত্র সর্তক করে দিয়ে বলেন, “এ হত্যাকান্ড অস্ত্র বিরতির সম্পূর্ণ স্থিতাবস্থাকে হুমকির মুখে ফেলে দিলো।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস গত জুনে সর্বশেষ কাদিরগামার সাথে মিলিত হয়েছিলেন। তিনি বলেন, “এই বিবেকহীন কাপুরুষিত হত্যাকান্ড সন্ত্রাসের ভয়ঙ্কর কুৎসিত রূপ প্রকট করে তুলেছে। যুক্তরাষ্ট্র এর তীব্র নিন্দা করে। এই সন্ত্রাসীদের অবশ্যই খুঁজে বের করে বিচার করতে হবে।”
জাতিসংঘের মহাসচিব কফি আনান কঠোরভাষায় এই হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে বলেন, “শ্রীলঙ্কা শান্তি এবং জাতীয় ঐক্যের এক অনন্য সম্মানিত রাষ্ট্রীয় নেতাকে হারালো।
শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী লক্ষণ কাদিরগামার শুক্রবার সেই দেশের রাজধানী কলম্বোতে অস্ত্রধারিদের গুলিতে নিহত হয়েছেন।
তামিল বিদ্রোহীদের দমনে একটি যুদ্ধ চালানোর সিদ্ধান্ত নিয়ে সাম্প্রতিক টানাপোড়েনের জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কাদিরগামারকে (৭৩) কলম্বোতে অত্যন্ত সুরক্ষিত তার বাসভবনে গুলি করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, মন্ত্রী ওই সময় সাতার কেটে ফিরছিলেন এবং তার বাড়িতে ঢুকছিলেন।
খবরে বলা হয়েছে, অস্ত্রধারিদের গুলিতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচারের সময়ই তার মৃত্যু হয়।
তথ্য মন্ত্রী ডিলান পেরেরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছিল। কিন্তু তার জখম খুবই জটিল ছিল। ফলে তিনি মৃত্যুবরণ করেন।
একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অভিযোগ করেন, উত্তরাঞ্চলে একটি স্বাধীন দেশের দাবিতে যুদ্ধরত বিদ্রোহীরাই তাকে হত্যা করেছে।
মহা পুলিশ পরিদর্শক চন্দ্র ফার্নান্দো সাংবাদিকদের জানান, হামলাকারিরা তামিল টাইগার।
কাদিরগামার অস্ত্রধারি টাইগারদের হামলার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিলেন।
দক্ষিণ দ্বীপাঞ্চলের তামিল সম্প্রদায়ের লোক হওয়ার পরও কাদিরগামা প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার অত্যন্ত ঘনিষ্ট ছিলেন।
লক্ষণ কাদিরগামার ২০০৪ সালে শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী নিযুক্ত হন। এর আগেও ১৯৯৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বিভিন্ন মন্ত্রীর পদে নিয়োজিত ছিলেন।
কলম্বোতে জাতীয় হাসপাতালের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিচার মন্ত্রী জন সিনেরত্নে বলেন, শ্রীলংকায় শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করতেন। এটাই তার সবচেয়ে বেশি ক্ষতি করেছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনাস্থলের আশেপাশে পুলিশ ব্যাপক তল্লাশী শুরু করেছে। শহরের ওপর দিয়ে হেলিকপ্টার টহল দিচ্ছে বলে খবরে বলা হয়েছে।
