হিথ্রো বিমানবন্দরে বিপাকে ৭০ হাজার যাত্রী
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিপাকে পড়েছে প্রায় ৭০ হাজার যাত্রী। গ্রাউন্ড স্টাফদের অনির্ধারিত ধর্মঘটের কারণে ব্রিটিশ এয়ারওয়েজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হিথরো বিমানবন্দরের সকল ফ্লাইট বাতিল করে। ফলে যাত্রীদের দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় দ্বিতীয় দিনের মতো।
বিমানবন্দরের মেঝে বা বেঞ্চিতে শুয়ে রাত কাটায় বহু যাত্রী।
অনির্ধারিত ধর্মঘটের কারণে ব্রিটিশ এয়ারওয়েজসহ প্রায় ১০০ টি ফ্লাইট বাতিল করা হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হিথরো বিমান বন্দরের সকল ফ্লাইট বাতিল করা হয়। ধর্মঘটের কারণে বিমানবন্দর থেকে কোন ফ্লাইট ছেড়ে যায়নি অথবা কোন ফ্লাইট অবতরণও করতে পারেনি। অনেকেই সারারাত বিমানবন্দরে দুর্ভোগে কাটায়। বিমানবন্দরের কর্মকর্তারা ভোগান্তির শিকার এসব যাত্রীদের খাদ্য এবং পানি সরবরাহ করার চেষ্টা করছেন।
বিমানবন্দরে প্রায় ৭০ হাজার যাত্রী আটকা পড়েছে। শ্রমিক ইউনিয়ন ক্যাটেরিং কর্মীদের চাকরিচ্যুতির কারণে এই ধর্মঘটের ডাক দেয়। বিমান বন্দরের প্রধান ফটক বন্ধ করে দেয়ায় যাত্রীদের মেঝেতে বসেই দুঃসহ সময় কাটাতে হচ্ছে।
৬০০ ক্যাটারিং স্টাফ বরখাস্তের প্রতিবাদে বিমান বন্দরের ব্যাগেজ বহনকারী, গ্রাউন্ড স্টাফ ও লোডারা অনির্ধারিত এই ধর্মঘট করছে। ধর্মঘটের কারণে আরও পাঁচটি বিমান সংস্থার ফ্লাইট অসুবিধায় পড়েছে। শ্রীলঙ্কান এয়ারলাইন্স, জিবি এয়ারলাইন্স, ফিনএয়ার, ব্রিটিশ মেডিটেরানিয়ান এয়ারলাইন্স এবং কান্তাস বিমান পরিবহন সংস্থাও ব্রিটিশ এয়ারওয়েজের গ্রাউন্ড স্টাফদের দ্বারা পরিচালিত হয়ে থাকে।
ট্রান্সপোর্ট এবং সাধারণ কর্মচারি ইউনিয়ন জানায়, ব্রিটিজ এয়ারওয়েজে খাবার সরবরাহকারি ক্যাটারিং সংস্থা গেইট গুরমেট শ্রমিক ছাটাই করায় তারা ধর্মঘট ডেকেছে। এর আগে বহি®কৃত ৬০০ কর্মচারিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে ট্রান্সপোর্ট অ্যান্ড জেনারেল ওয়ার্কার্স ইউনিয়নের সাথে গেইট গুরমেট ক্যাটারিং কর্তৃপক্ষের যে বৈঠক শুরু হয়েছিল, তা কোন সিদ্ধান্ত ও চুক্তি ছাড়াই ভেঙ্গে গেছে।
ব্রিটিশ এয়ারওয়েজ কার্যনির্বাহী প্রধান রড এডিংটন দুর্ভোগের জন্য যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। বিমান বন্দর শ্রমিকদের সাথে গেট গুরমেটের আলোচনা অবিলম্বে শুরু করতে তিনি আহ্বান জানিয়েছেন।
ধর্মঘটের কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্রিটিশ এয়ারওয়েজের একশ’ ফ্লাইট, এক হাজার পাইলট ও কেবিন ক্রু আটকা পড়ে আছে। হিথরোর ফ্লাইট ব্রিটেনের অন্যান্য বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হচ্ছে বলে রড জানান।
