বৃষ্টির জন্য প্রার্থনা করতে মালয়েশীয়দের প্রতি আহবান
রাজধানী কুয়ালালামপুর ও এর কাছাকাছি এলাকায় সৃষ্ট হওয়া ঘন কুয়াশা কাটিয়ে উঠতে বৃষ্টির জন্য মালয়েশিয়ার মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেশী ইন্দোনেশিয়ার বনে আগুন ধরে যাওয়ার কারণে তা থেকে সৃষ্ট ধোঁয়া ঘনীভূত হয়ে ঘন কুয়াশার রূপ নিয়েছে এবং তা কুয়ালালামপুর ও এর আশেপাশের এলাকা ঢেকে ফেলেছে।
কুয়ালালামপুরসহ আরও একটি এলাকা ঘন কুয়াশাচ্ছন্ন হওয়ার প্রেক্ষিতে মালয়েশিয়ায় বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণার একদিন পরই শুক্রবার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ্ আহমাদ বাদাবি প্রার্থনার আহ্বান জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইন্দোনেশিয়ার আগুন থেকে ঘন কুয়াশা সৃষ্ট হওয়ার প্রতিবাদে শুক্রবার কুয়ালালামপুরস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের বাইরে প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করা হয়। হাজার হাজার মালয়েশীয় নাগরিক এ প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ করে। তাদের দাবি, গত এক দশক ধরে প্রতি বছর একই ঘটনা বার বার ঘটার পরও তা প্রতিহত করতে কেন ব্যবস্থা নেয়া হয়নি।
সুমাত্রা দ্বীপের বনে আগুন নেভাতে বাদাবি সরকার জাকার্তার প্রতি আহ্বান জানিয়েছে।
দুই দেশের মন্ত্রীদের মধ্যে বৃহস্পতিবারের বৈঠকে উভয় পক্ষ তিনটি বিষয়ে সম্মত হয়েছে। সমঝোতার আওতায় মালয়েশিয়া সুমাত্রা দ্বীপের আগুন নেভাতে সহায়তা করবে।
এদিকে বনে আগুন লাগা কমাতে ইন্দোনেশীয় সরকার কৃষকদের প্রতি আহ্বান জানাবে বলে যে ঘোষণা দিয়েছিল, সে ব্যাপারে এখন পর্যন্ত সরকারের কোন উদ্যোগের কথা শোনা যায়নি।
প্রধানমন্ত্রী বাদাবি বৃষ্টির জন্য ঐশ্বরিক সহায়তার কথা বলেছেন। এ জন্য শুক্রবারের জুমআ’র নামাজের পর বিশেষ প্রার্থনা করার জন্য তিনি দেশের মুসলিম সম্প্রদায়ের প্রতি অনুরোধ করেন।
শুক্রবার রাজধানীতে ঘন কুয়াশা কিছুটা কমে আসলেও লোকজন এখনও মুখোশ পড়ে চলাচল করছে। বাতাসে পোড়া গন্ধ রয়ে গেছে। স্কুল, কলেজ খোলা হয়নি।
বায়ু দূষণ বিপদসীমায় পৌঁছে যাওয়ায় রাজধানী সংলগ্ন পোর্ট ক্লাং ও কুয়ালা সেলানগর এলাকায় বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
প্রার্থনা ও প্রতিবাদ বিক্ষোভে কাজ না হলে এবং জাকার্তা কোন উদ্যোগ না নিলে ঘন কুয়াশা থেকে রেহাই পেতে মালয়েশিয়াকে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা, ঐ সময়ে মালয়েশিয়ায় সাধারণত বর্ষা মওসুম শুরু হয়।
