ইরাকে গেরিলা হামলায় ৬ মার্কিন সেনা নিহত
ইরাকে পৃথক পৃথক গেরিলা হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে ২০০৩ সালের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্র বাহিনী ইরাক যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১,৮৩৪ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছে।
সামরিক বাহিনী জানায়, উত্তরাঞ্চলীয় তেলসমৃদ্ধ শহর বাইজিতে মঙ্গলবার গেরিলারা টহলরত মার্কিন সামরিক যানে হামলা চালিয়ে চার মার্কিন সেনাকে হত্যা করেছে। এই হামলায় আরো ছয় সেনা আহত হয়েছে। হামলাকালে গেরিলারা মাইন ও মেশিনগান ব্যবহার করেছে।
রাজধানী বাগদাদে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় এক মার্কিন সেনা নিহত হয়েছে। অপরদিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইরাকের হাব্বানিয়ায় গেরিলাদের সাথে বন্দুকযুদ্ধে অপর মার্কিন সেনা নিহত হয়েছে।
