মনমোহন সিংয়ের পদত্যাগ প্রস্তুতির কথা নাকচ করেছে কংগ্রেস
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পদত্যাগ করছেন কি না-এ নিয়ে জোর গুজব চলছে। অনেকেই ধারণা করছেন, মনমোহন তার দল কংগ্রেসে একঘরে হয়ে পড়ায় এখন হতাশ হয়ে পড়েছেন এবং পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে মনমোহন সিংয়ের প্রতি বাম দলগুলোর অব্যাহত সমালোচনা ও কংগ্রেস নেতাদের সমর্থন কমে যাওয়ায় তিনি পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি নাকচ করে দিয়েছেন মনমোহনের সহযোগী ও ক্ষমতাসীন কংগ্রেসের একজন নেতা।
ক্ষমতাসীন ইউপিএ’র চেয়ারপার্সন ও কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর ঘনিষ্ট সহযোগী পার্লামেন্ট সদস্য আম্বিকা সিং সরসরি জানিয়ে দিয়েছেন, তেমন কোনও ঘটনাই ঘটেনি। তিনি বলেন, মনমোহনের সামর্থ ও ব্যক্তিত্বের প্রতি আস্থাশীল হয়েই গত বছর মে মাসে সোনিয়া গান্ধী তাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন। এখনও তার প্রতি সোনিয়ার আস্থা অবিচল রয়েছে।
অনেকেই মনে করেন, সোনিয়া তাকে প্রধানমন্ত্রী বানাতে চাইলেও তিনি তাতে আগ্রহী ছিলেন না। কিন্তু সোনিয়া ওই পদের জন্য কেবল তার প্রতিই আস্থাশীল ছিলেন। শিক্ষাগত যোগ্যতা ও সবার কাছে তার গ্রহণযোগ্যতার কারণে সোনিয়ার প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারটিকে অনেক ভারতীয়ই স্বাগত জানিয়েছিল। ক্ষমতায় আসার পর তিনি অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বিশেষ করে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি জোরালো ভূমিকা রেখেছেন।
মনমোহন সিংয়ের পদত্যাগ সংক্রান্ত খবরে বলা হয়েছে, জোটের ভিন্ন ভিন্ন আদর্শের অংশীদার দলগুলোর সমন্বয় ও নিজের দলের কঠোর নীতি এবং সরকারের বাইরে কংগ্রেসের সমর্থক বাম দলগুলোর আর্থ-রাজনৈতিক মতানৈক্যের কারণে তিনি বেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং সবকিছু সামাল দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। এছাড়া অর্থনৈতিক বিষয় আশয় নিয়ে ইউপিএ সরকারের কিছু সিদ্ধান্তের কারণে ১৯৯০ সালে মুক্তবাজার অর্থনীতি প্রবর্তনে জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী মনমোহনের ধৈর্য্যচ্যুতি ঘটেছে।
কংগ্রেসের এক সিনিয়র নেতা বলেন, বর্তমান বছরটি মনমোহনের জন্য সত্যিই অস্বস্তিকর ও কঠিন। তবে মনমোহন সিংয়ের একজন ঘনিষ্ঠ সহযোগী ও কংগ্রেস নেতা বলেছেন, এটি পুরোপুরি একটি কাল্পনিক ব্যাপার। মতপার্থক্য থাকতেই পারে। তার মানে এই নয় যে, তিনি পদত্যাগ করতে চাচ্ছেন।
