এবার মাতৃদুগ্ধ বাজারজাত করতে যাচ্ছে মার্কিন কোম্পানি
যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে অপরিণত নবজাতক শিশুদের জন্য স্বেচ্ছায় দুগ্ধ দানকারী মহিলাদের দুধ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সিলিকন ভ্যালির পৃষ্ঠপোষকতায় ক্যালিফোর্নিয়ার একটি কোম্পানি।
প্রোলেক্টা নামের কোম্পানিটি শিশুদের প্রয়োজনীয় অতিরিক্ত ক্যালরির জন্য উচ্চ খাদ্যপ্রাণ সমৃদ্ধ বিভিন্ন উপাদেয় শিশু খাদ্য সামগ্রীও সরবরাহ করবে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে মা’দের দুধ সংগ্রহ করে ফ্রিজে রাখা হবে। পরে তা পাস্তুরিকরণ ও সরবরাহের জন্য প্রোলেক্টার সদর দফতর ক্যালিফোর্নিয়ায় পাঠিয়ে দেয়া হবে। কোম্পানির বর্তমানে যে যন্ত্রপাতি আছে তার মাধ্যমে পর্যাপ্ত দুধ প্রক্রিয়াজাতকরণ এবং হাসপাতালের এক লাখ শিশুকে দু’মাস ধরে দুধ পান করা সম্ভব।
হাসপাতাল কর্তৃপক্ষ বুকের দুধ দানকারী মহিলাদের শারীরিক সুস্থতা ও কোন রোগ আছে কিনা তা পরীক্ষা করে দুধ সংগ্রহ করে রাখবে এবং তার বিনিময়ে প্রোলেক্টা কোম্পানি প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি যেমন, রেফ্রিজারেটর, তাপ নিয়ন্ত্রিত কার্টুন ও সফটওয়্যার এবং যে পরিমাণ দুধ তারা সরবরাহ করবে তার প্রদেয় মূল্য পরিশোধ করবে।
মাতৃদুগ্ধ দানকারীদের উৎসাহ এবং সংখ্যা বাড়ানোর জন্য প্রতি হাসপাতালে একজন জনসংযোগ কর্মকর্তা নিয়োগ দেবে তারা। এছাড়া মাতৃদুগ্ধ দানকারীদের বিনামূল্যে স্বয়ংক্রিয় ব্রেস্ট পাম্প এবং বিশেষ প্রযুক্তির বোতলও সরবরাহ করবে তারা।
প্রোলেক্টা’র এই উদ্যোগে চমক থাকলেও অনেকে আশংকা করছেন যে, মাতৃদুগ্ধ দানের সাথে অর্থলাভের সংযোগ থাকায় অনেক মা হয়তো নিজের সন্তানকে বুকের দুধ থেকে বঞ্চিত করবে।
