পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইরানের প্রতি রাশিয়ার আহ্বান
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে রাশিয়া ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের ইসফাহান পারমাণবিক প্রকল্পে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সোমবার সচল করার একদিন পর রাশিয়া এ আহ্বান জানাল।
আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের (আইএইএ) সাথে পূর্ণ সহযোগিতা করতে মস্কো তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে। পারমাণবিক জ্বালানি উৎপাদনে ইরানের সবচে’ ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। ইরানের বুশিরে অবস্থিত দেশটির প্রথম পারমাণবিক প্রকল্পে রাশিয়াই জ্বালানি সরবরাহ করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, কোন বিলম্ব ছাড়াই ইউরেনিয়াম রূপান্তরকরণ কর্মসূচি বন্ধ করাই হবে বুদ্ধিমানের কাজ। তার ভাষায়, সমঝোতার জন্য আলোচনার টেবিলে ফেরার সময় এখনও ফুরিয়ে যায়নি।
বিবৃতিতে বলা হয়, তেহরানের উচিত পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্টি অন্যান্য সমস্যা সমাধানের লক্ষ্যে আইএইএ’র সাথে আলোচনা করা।
এদিকে ইরান তার স্থগিতকৃত পারমাণবিক কর্মসূচি পুনরায় সচল করায় আইএইএ বুধবার এক বৈঠকে মিলিত হবে। ইরানের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করা হবে কিনা- সে বিষয়ে এ বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।
ইরান বলেছে, তারা আলোচনার জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এ সম্পর্কে বলেন, আমরা আলোচনা করতে প্রস্তুত। আমরা কখনই সমঝোতার পথে বাঁধা হয়ে দাঁড়াইনি।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আইএইএ পারমাণবিক কর্মসূচি সমঝোতা করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন ও ইইউ চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি প্রত্যাহার করুক। এর বিনিময়ে তারা তেহরানকে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত।
