২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে গ্যাস পাইপ লাইন, ব্রিজ এবং বিদ্যুৎ স্থাপনায় গেরিলাদের বোমা হামলা

ভারতের উত্তর--পূর্বাঞ্চলীয় রাজ্যে আসামে চতুর্থ দিনের মতো গেরিলাদের বোমা হামলা অব্যাহত রয়েছে। সোমবার রাতে চারটি হামলা চলিয়ে একটি গ্যাস পাইপ লাইন, দুটি সড়ক সেতু এবং একটি বৈদ্যুতিক স্থাপনা উড়িয়ে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 01:11 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

পুলিশ জানায়, শিবসাগর জেলার টিংখঙের কাছে একটি চা বাগানে সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন বোমা বিস্ফোরণে উড়িয়ে দেয়া হয়েছে। ভিন্ন দু’টি হামলায় তিনসুখিয়া জেলায় সেনাবাহিনীর চলাচলকারী একটি গুরুত্বপূর্ণ সড়কের দুটি সেতু উড়িয়ে দেয়া হয়। এছাড়া প্রাদেশিক রাজধানী গৌহাটির কাছে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারও বিদ্রোহীরা বোমা মেরে উড়িয়ে দেয়। তবে এ হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এর আগের দিন বাস টার্মিনালে বোমা বিস্ফোরণে চারজন জন নিহত ও নয়জন আহত হয়। শনিবার গভীর রাতে অপর এক হামলায় রাজ্যের একটি তেলের পাইপলাইন বোমা মেরে উড়িয়ে দিয়েছে জঙ্গিরা। আসাম সরকারের এক মুখপাত্র জানায়, সপ্তাহের শেষ নাগাদ জঙ্গিরা রাজ্যে প্রায় ১২টি হামলা চালিয়েছে।

রাজ্যে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন সক্রিয় থাকলেও পুলিশ উলফাকে সন্দেহ করছে। বোমার অংশবিশেষ পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়েছে যে বোমাগুলো চীনের তৈরি। উলফা বোমা হামলার কথা স্বীকার করলেও গৌহাটি থেকে ৪০ কিলোমিটার দূরে বোকো বাজারের হামলার দায়দায়িত্ব স্বীকার। উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোবা বলেন, ‘আমাদের আক্রমণ কখনও জন অধ্যুষিত এলাকা বা নিরীহ নাগরিকদের উপর পরিচালিত হয়না।’

উলফা জঙ্গি গোষ্ঠি অহমীয়াদের জন্য একটি ভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আসামে ১৯৭৯ সাল থেকে আন্দোলন চালিয়ে আসছে। এছাড়াও দু’ডজন জঙ্গি গোষ্ঠি বিচ্ছিন্নতা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা ভারতের স্বাধীনতা দিবসকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে থাকে।

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের আগে আতঙ্ক ছড়াতে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বোমা হামলার পর রাজ্য জুড়ে সর্তকাবস্থা জারি করা হয়েছে।