২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে চৌদ্দ বিলিয়ন ডলারের এনার্জি বিলে বুশের স্বাক্ষর

আন্তর্জাতিক জ্বালানি তেল এবং গ্যাসোলিনের মূল্য ব্যাপক বৃদ্ধি পাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের অর্থনীতির স্থিতাবস্থা ঠিক রাখতে একটি এনার্জি বিলে স্বাক্ষর করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 12:16 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

তেল ও প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বৃদ্ধি, বিদ্যুৎ সরবরাহ বাড়ানো এবং বিকল্প শক্তির উৎস বিকাশের জন্য কংগ্রেস চার বছর পর সাড়ে চৌদ্দ বিলিয়ন ডলারের এ বিল অনুমোদন করলো।

বুশ সোমবার বলেন, ‘আমাদের জ্বালানি সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। গ্যাসোলিনের উচ্চ মূল্য এবং বিদেশী তেলের সরবরাহের উপর নির্ভরশীলতার মতো মারাত্মক সমস্যাগুলো কয়েক দশক ধরে পুঞ্জীভূত হয়েছে। তাই এ সমস্যাগুলো দূর করতে বেশ কয়েক বছর লেগে যাবে।’

যুক্তরাষ্ট্রে এক ব্যারেল ক্রুড অয়েলের মূল্য সোমবার বেড়ে দাঁড়িয়েছে ৬৩ ডলার এবং গ্যাসোলিন এক গ্যালন দুই দশমিক ৩৭ ডলার। যুক্তরাষ্ট্রে প্রতিদিন দুই কোটি ১০ লাখ ব্যারেল তেল ব্যবহৃত হয়। আর এ চাহিদার শতকরা ৬০ ভাগ বিদেশ থেকে আমদানি করে মেটানো হয়ে থাকে।