উত্তর কোরীয় নেতা কিম জং ইল অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী
উত্তর কোরিয়ার অবিসংবাদিত নেতা কিম জং ইল কোন দিন কোনও ফোন নম্বর, একজন ক্যাডারের কর্মজীবন ও কম্পিউটারের কোড মনে রাখতে ভুল করেননি। উত্তর কোরিয়ার রাষ্ট্র--নিয়ন্ত্রিত ওয়েব সাইটে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, স্মৃতিশক্তিকে ঝালাই করে নেয়ার জন্য কিম প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে নিবিড় প্রশিক্ষণ নিয়ে থাকেন। তার কর্মচারি--কর্মকর্তাদের ফোন নম্বর থেকে শুরু করে খুঁটিনাটি সকল বিষয় তিনি এ সময় মনে করার চেষ্টা করেন।
কিমের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, সরকারি কর্মকর্তা--কর্মচারিদের টেলিফোন নম্বর ও কম্পিউটারের কোড নম্বর আমি মনে করতে পারি।
উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তাদের একটি দল ২০০২ সালে কিমের সাথে দেখা করতে গেলে তিনি উপস্থিত সকলের ফোন নম্বর দ্রুতগতিতে উচ্চারণ করে সবাইকে তাক লাগিয়ে দেন।
কিম একবার এক সমাধিক্ষেত্র পরিদর্শনে যান। সেখানে সমাহিত সেনাদের এপিটাফে লেখা নাম দেখেই তাদের প্রত্যেকের অর্জন, চারিত্রিক বৈশিষ্ট্য, পছন্দের বিষয় ও তাদের অসহায় পরিবারের সকল সদস্যের বর্ণনা একে একে বলতে থাকেন। তার অসাধারণ স্মৃতিশক্তি দেখে সবাই অবাক না হয়ে পারেনি।
কিমের অন্যান্য গুনাবলীও কম নয়। তিনি যুদ্ধ বিমান চালনা করেন, নাটক লেখেন ও সিনেমা তৈরি করেন।
কিম তার কর্মচারিদের স্মৃতিশক্তি বৃদ্ধির ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। তার ভাষায়, একজন ব্যক্তি যখন তার মস্তিস্ক নিয়মিতভাবে ব্যবহার করে, তখন তার স্মৃতিশক্তি উন্নত হতে থাকে।
