হত্যা ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত সন্দেহভাজন ৩ হামলাকারী
লন্ডনের পাতাল রেল স্টেশন ও বাসে ২১ জুলাইয়ের বোমা হামলার মাধ্যমে মানুষ হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ তিন সন্দেহভাজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।
মুক্তার সাঈদ ইব্রাহিমের (২৭) বিরুদ্ধে হ্যাকনি বাসে ও রামজি মোহাম্মদের (২৩) বিরুদ্ধে ওভাল টিউব স্টেশনে ব্যর্থ বোমা হামলার অভিযোগ রয়েছে। পশ্চিম লন্ডনের লিটল ওয়ার্মউড স্ক্রাব্স পার্কে অবিস্ফোরিত বিস্ফোরক কাছে রাখার অভিযোগ আনা হয়েছে মানফো কোয়াকু আসিদির (৩২) বিরুদ্ধে।
ওয়ারেন স্ট্রিট স্টেশনের সন্দেহভাজন বোমা হামলাকারী ইয়াসির ওমরের বিরুদ্ধে শনিবার অভিযোগ দায়ের করা হয়।
হত্যা প্রচেষ্টার অভিযোগের পাশাপাশি ইব্রাহিম ও রামজির বিরুদ্ধে বিস্ফোরণ ঘটানো ও বিস্ফোরক দ্রব্য কাছে রাখার অভিযোগও রয়েছে। তাদেরকে পশ্চিম লন্ডন থেকে ২৯ জুলাই গ্রেপ্তার করা হয়।
এছাড়া সিরাজ ইয়াসিন আব্দুল্লাহ্ আলী ও ওয়াহারবি মোহাম্মদকে পুলিশি গ্রেপ্তার এড়াতে সন্দেহভাজনদের সহায়তা করার অভিযোগে তাদের বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।
ইব্রাহিম, রামজি ও আসিদিকে রোববার সেন্ট্রাল লন্ডনের একটি পুলিশ স্টেশনে রিমান্ডে নেয়া হয়। তাদেরকে শিগগিরই আদালতে হাজির করা হবে।
