২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিরোশিমা ঃ পিছন ফিরে দেখা

১৯৪৫ সালের ৬ আগস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে ছয় বছরে ধরে। তবে যুদ্ধ ছিল প্রায় শেষের দিকে। এমনিতেই মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর হাতে অক্ষশক্তি কোনঠাসা। এই সময়ে হঠাৎ করে প্রশান্ত মহাসাগরের তিনিয়ান থেকে উড়ে আসা একটি মার্কিন বিমান নতুন ধরনের বোমা ফেলল জাপানের হিরোশিমা শহরের বুকে। আর সেই সাথে পৃথিবী দেখল প্রথম আণবিক বোমার বিস্ফোরণ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 12:48 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

মার্কিন বি--২৯ বোমারু এনোলা গে বিমান থেকে হিরোশিমার স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে ‘লিটল বয়’ নামের উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ আণবিক বোমাটি ফেলা হয়। তিন মিটার লম্বা ও ২৮ ইঞ্চি প্রশস্ত ‘লিটল বয়ের’ ওজন ছিল চার টন (৮,৮১৮ পাউন্ড)। আর বোমাটির ধ্বংসাত্মক ক্ষমতা ছিল ১৫,০০০ টন (৩৩ মিলিয়ন পাউন্ড) টিএনটি।

হিরোশিমায় বোমা বিস্ফোরণে ১৪০,০০০ জন লোক নিহত হয়েছিল। তবে তাদের অধিকাংশেরই মৃত্যুর কারণ ছিল বিস্ফোরণের ফলে সৃষ্ট নানা রোগ-শোকে। বোমা বিস্ফোরণের পর থেকেই বেঁচে যাওয়া আক্রান্তরা টিউমার, লিউকেমিয়া ও কেলওয়ইড স্কার্স রোগে ভুগেছে।

আণবিক বোমার ভয়াবহতা পৃথিবী জানার পরও এর উৎপাদনতো কমেইনি, বরং উদ্বেগজনক হারে বেড়েছে। জাতিসংঘ ১৮৮ সদস্য রাষ্ট্রের সম্মতিতে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও চীনকে পারমাণবিক অস্ত্রধারী দেশের মর্যাদা দেয়া হয়। কিন্তু ভারত, পাকিস্তান ইতোমধ্যে বেশ কয়েকবার পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। উত্তর কোরিয়া পারমাণবিক বোমা উৎপাদনের কথা স্বীকার করেছে। ইসরাইল স্বীকার না করলেও তার যে পারমাণবিক বোমা রয়েছে এটা পরিষ্কার।