গনপিটুনিতে সাবেক ইসরাইলি সেনার মৃত্যু
ইসরাইলের এক আরব শহরে একজন ইসরাইলি সেনা গণপিটুনিতে প্রাণ হারিয়েছে। গুলি করে চার বাস যাত্রীকে হত্যা করার কারণে ওই উত্তেজিত জনতা খুনী সেনাকে গণপিটুনি দিয়ে হত্যা করে।
১৯ বছর বয়সী ইসরাইলি সেনা এডেন নাটান জাদা আরব শহর শাফারামে একটি যাত্রীবাহী বাসে এলোপাতাড়ি গুলি চালিয়ে চার জনকে হত্যা করে। তার বন্দুকের গুলি শেষ হয়ে গেলে বাস যাত্রীরা বাস থেকে নেমে এসে তাকে ধরে ফেলে এলাপাতাড়ি মারধর শুরু করে।
এডেনের বাড়ি পশ্চিম তীরের তাপুয়াহের ইহুদি বসতিতে। মারা যাওয়ার সময় সে ইসরাইলি সেনাবাহিনীর ইউনিফর্ম ও স্কালক্যাপ পরে ছিল।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বাস চালকের সাথে কথা বলতে বলতেই এডেন বাসের ভিতরে গুলি চালাতে থাকে। গুলিতে বাস চালকও নিহত হয়েছে বলে তিনি জানান। গুলিতে আরও ১২ জন আহত হয়েছে।
দুর্ঘটনাস্থলে ইসরাইলি পার্লামেন্ট সদস্য মোহাম্মেদ বারাকিহ জানান, নিহতরা সবাই শাফারামের আরব ইসরাইলি।
প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন এই সন্ত্রাসী ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন, ইসরাইলি নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য এ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
