প্রতারণার দায়ে অভিযুক্ত ছদ্মবেশী সৌদি রাজকন্যা
নিউইয়র্কের অভিজাত সমাজে নিজেকে একজন সৌদি রাজকন্যা হিসেবে পরিচয় দিয়ে চুরি ও বীমা প্রতারণার আশ্রয় নিয়েছেন নিউইয়র্কের এক মহিলা। আদালতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় মহিলাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। নিউইয়র্কের একটি আদালত মঙ্গলবার এ রায় দেয়।
একটি বিশেষ ক্রেডিট কার্ড ব্যবহার করে এন্তোনিত্তে মিলার্ড (৪২) তিন মাসে কমপক্ষে এক মিলিয়ন ডলারের কেনাকাটা করেছেন। আর ভুয়া কাগজপত্র দেখিয়ে এক বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়েছেন আড়াই লক্ষ ডলার।
মিলার্ডকে আপাতত এক বছর মানসিক হাসপাতালে রাখা হবে। সেখানে তার চিকিৎসাও দেওয়া হবে।
এন্তোনিত্তে মিলার্ড একটি ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। চার ইন্সুরেন্স কোম্পানির কাছ থেকে তার বীমাকৃত গহনা চুরি গিয়েছে বলে কোম্পানির কাছ থেকে ২ লাখ ৬২ হাজার ডলার আদায় করেন।
আমেরিকান এক্সপ্রেসের একটি নন-লিমিট ক্রেডিট কার্ড ব্যবহার করে তিনি তিন মাসে ৯ লাখ ৫০ হাজার ডলার ব্যয় করেন। এক্সপ্রেস তার বিরুদ্ধে মামলা দায়ের করলে মিলার্ডও পাল্টা মামলা দায়ের করেন। মিলার্ডের মামলায় বলা হয়েছে, যখন সে আমেরিকান এক্সপ্রেসে একাউন্ট খোলে ও অর্থ ঋণ নেয়, তখন সে মানসিকভাবে অসুস্থ ছিল। তার ভাষায়, বিষয়টি এক্সপ্রেসের খতিয়ে দেখা উচিত ছিল।
গ্রেফতারের পর তিনি দাবি করেন, ওই সময় তিনি কর্মস্থলে যৌন হয়রানির কারণে ও টুইন টাওয়ার থেকে মানুষের লাফিয়ে পড়ার দৃশ্য দেখে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
