জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সদস্য পদ বাড়ানোর ব্যাপারে আফ্রিকান ইউনিয়নের জরুরি বৈঠক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সদস্য পদ বাড়ানোর ব্যাপারে জি-৪ গ্র“পের দেশ ব্রাজিল, জার্মানি, ভারত ও জাপানের প্রস্তাবের সাথে ঐকমত্যে পৌঁছার বিষয়ে আফ্রিকান ইউনিয়ন শুক্রবার জরুরি বৈঠকে বসছে।
জাতিসংঘের সদর দফতরে জাপানের রাষ্ট্রদূত কেনজো ওশিসা বলেন, কিছু কিছু বিষয়ে আফ্রিকান ইউনিয়নের সাথে জি-৪ গ্র“পের মতবিরোধ থাকলেও শুক্রবারের বৈঠক অবশ্যই দু’পক্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদ বাড়ানোর প্রস্তাব নিয়ে প্রায় ১০ বছর নিষ্পত্তিহীন বিতর্ক চলে। গত মার্চে জাতিসংঘ মহাসচিব কফি আনান ঘোষণা দেন, সেপ্টেম্বরে বিশ্ব নেতাদের সম্মেলনের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ে জাতিসংঘের ১৯১ সদস্য রাষ্ট্রের দু-তৃতীয়াংশ এখনো সমঝোতায় আসতে পারেনি। আফ্রিকান ইউনিয়ন ভুক্ত দেশগুলোর নেতারা ইতোমধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার প্রস্তাব নিয়ে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বৈঠক করেছেন। এদিকে জি-৪ ভুক্ত দেশ ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপানের নেতারা গত ২৫ জুলাই লণ্ডনে বৈঠক করেছেন। তারা নিরাপত্তা পরিষদের সদস্য ১৫ থেকে ২৬ সদস্য করার প্রস্তাব করেন।
জাতিসংঘে জাপানের রাষ্ট্রদূত ওশিসা নিরাপত্তা পরিষদের সদস্য পদ বাড়ানোর ব্যাপারে জাতিসংঘের জেনারেল এ্যাসেম্বলীতে ভোটাভুটির বিষয়টি অনুমোদন পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শুক্রবারের আফ্রিকান ইউনিয়নের বৈঠক জি-৪ গ্র“পের জন্য একটি ইতিবাচক লক্ষণ।
