মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় ভারতের সহায়তা চায় ইসরাইল
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় বাধা দানকারি জঙ্গীদের নিবৃত্ত করার লক্ষ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণে রাজি করাতে ভারতের সহযোগিতা চেয়েছে ইসরাইল।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের ঘনিষ্ঠ আমোস গিলাদ সম্প্রতি ভারত সফরকালে দিল্লির সহযোগিতা কামনা করে বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা বন্ধের জন্য জোরালোভাবে ঘোষণা দিলেও জঙ্গিদের বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। শান্তি প্রক্রিয়া যাতে বিঘিœত না হয় সেজন্য ভারত তার সুনাম নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে চাপ সৃষ্টি করতে পারে।
গিলাদ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপ--উপদেষ্টা বিজয় নামবিয়ার সাথে গত ২৬--২৭ জুলাই ভারত সফরকালে মিলিত হন। শান্তি প্রক্রিয়া সফল করতে ইসরাইলের অঙ্গীকার এবং গাজা উপত্যকা থেকে ১৭ আগস্টের মধ্যে বসতি সরিয়ে নেওয়ার ব্যাপারে সর্বশেষ পরিকল্পনার কথা দিল্লিকে অবহিত করেন।
গাজা উপত্যকা থেকে ইসরাইলি বসতি উঠিয়ে নেয়ার ব্যাপারে ফিলিস্তিন কর্তৃপক্ষের সাথে আলোচনায় নেতৃত্বদানকারী গিলাদ ভারতের সাথে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা বিষয় নিয়েও মতবিনিময় করেন।
প্রায় দু’মাস আগে ভারত সফরকালে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও শান্তি প্রক্রিয়ায় দিল্লির সহযোগিতা চেয়েছিলেন। দিল্লি ফিলিস্তিনকে নৈতিক সমর্থন ও বস্তুগত সাহায্যের পুনঃআশ্বাস দেওয়ার পাশাপাশি শান্তি প্রক্রিয়ায় কোন সন্ত্রাসী কমকাণ্ড যাতে বাঁধা হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে সচেষ্ট থাকতে পরামর্শ দেয়।
