মায়ানমারে মোবাইল ফোন যেন সোনার হরিণ
যোগাযোগ ব্যবস্থায় মোবাইল টেলিফোন এশিয়ার বিভিন্ন দেশে বৈপ্লবিক পরিবর্তন আনলেও সামরিক জান্তা শাসিত মায়ানমারে তা খুবই দুর্লভ। সেল ফোনের রিং টোন শুনতে পারা সেখানে স্বপ্নের মতো।
মায়ানমারে ল্যান্ডফোন এবং মোবাইল ফোনের সংখ্যা কয়েক লাখ হলেও খোদ রাজধানীতেই মোবাইল ফোন হঠাৎই চোখে পড়ে।
একজন ব্যবসায়ী জানান, ইয়াঙ্গুনে মোবাইল ফোন যেন মর্যাদার প্রতীক। এখানে সামরিক ও পুলিশ কর্মকর্তারা এবং অভিজাত শ্রেণীর লোকজনের মধ্যেই এর ব্যবহার সীমাবদ্ধ। উচ্চ মূল্যের কারণে সাধারণ লোকজনের পক্ষে ব্যয় মেটানোও সহজ নয়। এছাড়া আবেদনের পর মোবাইলের সংযোগ পেতে কয়েক বছর লেগে যায়। আমাকেও তিন বছর ধরে অপেক্ষা করতে হচ্ছে।
রাষ্ট্র পরিচালিত মায়ানমার ডাক ও টেলিযোগাযোগ সংস্থা ২০০২ সালের মার্চ থেকে এ পর্যন্ত মাত্র এক লাখ ফোন বিক্রি করতে সক্ষম হয়েছে।
মায়ানমারে মোবাইলের একটি হ্যান্ডসেট ক্রয় করতে ব্যয় হয় বাংলাদেশী মুদ্রায় ৩২ হাজার টাকা এবং সংযোগ খরচ পরিশোধ করতে লাগে ৬৩ হাজার টাকা। টাকা হলেই যে সংযোগ মিলছে তাও কিন্ত নয়! গ্রাহককে আবেদন করার পরও ২/৩ বছর অপেক্ষায় থাকতে হয়। আর কালোবাজার থেকে একটিভ সিম কার্ড কিনতে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত নগদ অর্থ গুনতে হয়।
