২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদশাহ ফাহদের দাফন সম্পন্ন

আধুনিক সৌদি আরবের রূপকার বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজের দাফন মঙ্গলবার রাজধানী রিয়াদে সম্পন্ন হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

মুসলিম বিশ্বের প্রভাবশালী এ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মুসলিম বিশ্বসহ অন্যান্য দেশের নেতৃবৃন্দ রিয়াদে সমবেত হন।

বাদশাহ ফাহদের মৃতদেহ অ্যাম্ব্যুলেন্সে করে মসজিদে আনা হয়।

নামাজে জানাযা শেষে দাফনের জন্যে নিয়ে যাওয়া হয় কবরস্থানে।

তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিশ্ব নেতারা রিয়াদে আসায় রাজধানী জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আরব বিশ্বের বর্ষীয়ান এ নেতার প্রতি যারা শেষ শ্রদ্ধা জানাতে সৌদি রাজধানীতে উপস্থিত হন, তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস, মিশরের রাষ্ট্রপতি হোসনে মোবারক, ফ্রান্সের রাষ্ট্রপতি জ্যাক শিরাক এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ।

বাদশাহ ফাহদ সোমবার রিয়াদের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

দুবছর ধরে দেশটি আল-কায়দা জঙ্গিদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে। আর এ কারণেই বাদশাহর দাফন অনুষ্ঠানে হাজার হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়।

তুর্কি আবদুল্লাহ মসজিদের ইমাম জানাযায় ইমামতি করেন। জানাযার সময় মসজিদ সংলগ্ন সড়কে ডগ স্কোয়াড নিয়ে নিরপত্তাবাহিনীকে গাড়ি তল্লাশী করতে দেখা যায়।

বাদশাহ ফাহদ ১৯৯৫ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শাসন ক্ষমতা তার সৎ ভাই আবদুল্লাহর ওপর অর্পণ করেন। সোমবার তার মৃত্যুর পর যুবরাজ আবদুল্লাহকে বাদশাহ হিসেবে ঘোষণা দেওয়া হয়।

বাদশাহ ফাহদের সংক্ষিপ্ত এ অন্তিম অনুষ্ঠান পরিচালনা করেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ।

বাদশাহর মরদেহ বাদামী কাপড়ে ঢাকা ছিল। রাজ পরিবারের পুরুষ সদস্যরা কাঠের কফিনটি বহন করে নিয়ে আসেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের অনেকেই এসময় বাদশাহর শেষযাত্রায় তার কফিনের ওপর ছাতা ধরে থাকেন।

বাদশাহ ফাহদকে তুর্কি বিন আবদুল্লাহ মসজিদ থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত আল-ওদ কবরস্থানে দাফন করা হয়।

ফাহদের মৃত্যুতে সৌদি আরবের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি। কারণ সৌদি পতাকাকে ইসলামের পতাকা বলে বিশ্বাস করা হয়।

এদিকে বাদশাহ ফাহদের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে মিশরের শারম আল শেখে আরব লীগের সম্মেলন স্থগিত করা হয়। বুধবার এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।