২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক প্রকল্প আবারও চালু করার ঘোষণা দিয়েছে ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়ন ইরানের প্রতি এক সপ্তাহ অপেক্ষা করার আহ্বান জানানো সত্ত্বেও দেশটি তার পারমাণবিক প্রকল্প পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 09:04 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

ইরানের সরকারি কর্মকর্তারা বলেছেন, ইসফাহানে অবস্থিত পারমাণবিক প্রকল্প সচল করতে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে সোমবার তারা জাতিসংঘের আন্তর্জাতিক অস্ত্র পরিদর্শক সংস্থা আইএইএ’কে চিঠির মাধ্যমে জানাবে।

ইরানের পারমাণবিক প্রকল্প সচল করার ঘোষণার প্রেক্ষিতে ব্রিটেন বলেছে, এর ফলে পরবর্তী আলোচনা কঠিন হয়ে পড়বে। ইইউভূক্ত তিন দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সমন্বয়ে ইইউ- ৩ নামের গ্র“পটি ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে সৃষ্ট আন্তর্জাতিক বিতর্কের অবসানে দেশটির সাথে সংলাপ শুরু করেছে। ইইউ-৩ এর নেতৃত্ব দিচ্ছে ব্রিটেন।

অব্যাহত আন্তর্জাতিক চাপের কারণে ইরান ২০০৪ সালের নভেম্বরে তার সকল ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রকল্প স্থগিত করে। তারা সমৃদ্ধ ইউরেনিয়াম জ্বালানি ও বিদ্যুত উৎপাদনের পাশাপাশি পারমাণবিক অস্ত্র উৎপাদন করতে সক্ষম। আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় অভিযোগ করেছে, জ্বালানি ও বিদ্যুত উৎপাদনের আড়ালে তেহরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করেছে। অবশ্য ইরান ওয়াশিংটনের অভিযোগ অস্বীকার করে বলেছে যে, তার সকল পারমাণবিক প্রকল্প জনকল্যানমূলক কাজে ব্যবহৃত।

ইইউ ও ইরানের মধ্যে সর্বশেষ লন্ডন বৈঠকে তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখতে অর্থনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তার নিশ্চয়তা সম্বলিত একটি প্রস্তাব আগস্টের ১ তারিখের মধ্যে দেওয়ার ব্যাপারে উভয়েই সম্মত হয়েছিল বলে ইরান দাবি করেছে। নির্ধারিত সময়ে প্রস্তাব পেশ না করায় ইরান পারমাণবিক প্রকল্প সচল করার যে ঘোষণা দিয়েছে, তার ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ইরানের সম্পর্কের আরও অবনতি ঘটবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

ইরানের এ ঘোষণার ফলে এটা পরিষ্কার যে, তারা ইইউ’র প্রস্তাবের জন্য অপেক্ষা করবে না। তবে ইসফাহানের পারমাণবিক প্রকল্প বড় ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের সাথে জড়িত নয়। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি, ইসফাহানের প্রকল্প চালু হলে ইরানের সাথে তার সকল পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখার ব্যাপারে ইইউ’র সাথে যে সমঝোতা হয়েছিল, এটি তার সুষ্পষ্ট লংঘন।

ইরানের ঘোষণার প্রেক্ষিতে আইএইএ’র বোর্ডের একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। বোর্ড পরমাণু প্রকল্প চালু না করার ব্যাপারে ইরানকে সতর্ক করে দেবে বলে সূত্র জানিয়েছে। সতর্কবাণীতে কাজ না হলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করার কথা রয়েছে। আর সেক্ষেত্রে ইরানের উপর জাতিসংঘের অবরোধ আরোপ হতে পারে।