দুই দিনের মধ্যে ইরান পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত ইইউ’র প্রস্তাব জানতে চায়
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইইউ ও তেহরানের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তেহরান দাবি করেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ প্রস্তাব তাদেরকে দুই দিনের মধ্যে জানাতে হবে।
ইরানের পারমাণবিক মধ্যস্ততাকারী আলী আঘা মোহাম্মাদি জানান, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে সোমবারের মধ্যে তাদের নতুন পারমাণবিক প্রস্তাব দিতে হবে। তার ভাষায়, সোমবারই পূর্বপরিকল্পিত সময় সীমা।
মোহাম্মাদি প্রস্তাবের বিষয়াদি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। ইরান পারমাণবিক বোমা তৈরিতে নয়, জ্বালানি উৎপাদনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবার প্রতিশ্রুতি ও নিশ্চয়তা দেবার পর দেশটির সাথে পারমাণবিক সহযোগিতা সংক্রান্ত নতুন সমঝোতার কথা প্রস্তাবে বলা হবে বলে তিনি জানান।
ইইউ-৩ নামে পরিচিত ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক বার্তায় জানিয়েছেন, ৭ আগস্টের মধ্যে ইইউ’র নতুন প্রস্তাব তেহরানকে জানানো হবে। ইউ-৩ এর বার্তা পাবার পর ইরান তাদের সময়সীমা প্রত্যাখ্যান করেছে বলে মোহাম্মাদি জানান। মোহাম্মাদির বলেন, পয়লা আগস্টের মধ্যে প্রস্তাব জানাতে হবে।
ইইউ মঙ্গলবার জানায় যে, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আগস্টের ৩ তারিখে শপথ নেয়ার পর তারা প্রস্তাব তেহরানকে জানাবে। কিন্তু মোহাম্মাদি অভিযোগ করে বলেন, লন্ডনের সর্বশেষ বৈঠকে প্রস্তাব জমা দেয়ার তারিখ হিসেবে পয়লা আগস্টকে বেছে নেয়া হয়েছিল। এখন যদি ইইউ তাদের প্রতিশ্রুতি না রাখে, তাহলে ইরান তার জাতীয় স্বার্থ বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।
কিন্তু ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ইইউকে পয়লা আগস্টের মধ্যে ইরানকে প্রস্তাব জানাবে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের প্রথম সপ্তাহে প্রস্তাব জানাবার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে তিনি জানান।
সোমবার ইইউ তার প্রস্তাব পেশ করবে কিনা এ প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন, এ ব্যাপারে সন্দেহ রয়েছে। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারছি না।
