সাদ্দামের ওপর হামলা, মার্কিন বাহিনীর অস্বীকৃতি
সাদ্দাম হোসেন চলতি সপ্তাহে হাজিরা দিতে বাগদাদের একটি আদালতে উপস্থিত হলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তার ওপর হামলা চালায় বলে জানিয়েছেন সাদ্দামের আইনজীবীরা।
তবে যে সব মার্কিন সৈন্য ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দামকে পাহারা দিয়ে আদালতে নিয়ে গিয়েছিল, তারা এ ধরণের কোনও ঘটনার কথা অস্বীকার করেছে।
সাদ্দামের জর্দানীয় আইনজীবীরা বলেন, বৃহস্পতিবার একটি মামলার শুনানির জন্য প্রধান আইনজীবী খলিল দুলায়মির সাথে সাদ্দাম হোসেন আদালতে উপস্থিত হলে তার ওপর এ হামলা চালানো হয়। এসময় পরস্পরের মধ্যে হাতাহাতি হয়।
সাদ্দামের আইনজীবীদের দেয়া বিবৃতিতে বলা হয়, শুনানি শেষে সাদ্দাম হোসেন আদালত ত্যাগের অপেক্ষায় শুনানি কক্ষে অবস্থান করার সময় সেখানে উপস্থিত এক ব্যক্তি তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এসময় উভয়ের মধ্যে হাতাহাতি লেগে যায়। তবে এসময় আক্রমনকারীকে থামাতে ট্রাইব্যুনাল প্রধান কোনও ব্যবস্থা নেননি বলে আইনজীবীরা অভিযোগ করেন।
এ ঘটনায় সাদ্দাম আহত হয়েছেন কিনা তা বলা হয়নি।
তবে ইরাকে সাদ্দামসহ অন্যান্য বন্দীদের দায়িত্বে থাকা মার্কিন বাহিনীর এক মুখপাত্র এ ধরণের কোনও ঘটনা ঘটেনি বলেন জানান।
লেফটেন্যান্ট ক্রিস্টি মিলার বলেন, কখনোই সাদ্দামকে আক্রমন করার মতো ঘটনা ঘটেনি।
