জাতিসংঘ আল-কায়দা ও তালেবানদের ওপর অবরোধের মেয়াদ আরও বাড়িয়েছে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী সংগঠন আল-কায়দা ও আফগানিস্তানের তালেবানদের ওপর অবরোধের মেয়াদ আরও বাড়িয়েছে। অবরোধের মধ্যে উভয় গ্রুপের সাথে অস্ত্র লেনদেন, ভ্রমণে নিষেধাজ্ঞা ও তাদের সহায় সম্পত্তি জব্দ করার বিষয়টিও রয়েছে।
আল-কায়দা শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে ২০০১ সালের ১১ সেপ্টম্বর নিউইয়র্কে বোমা হামলার জন্য দায়ি করা হয়।
শুক্রবার নিরাপত্তা পরিষদের সভায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়, আল-কায়দা ও তালেবানদের সহায়তাদানকারী যে কোনও গ্রুপ অবরোধের আওতায় পড়বে। নিউইয়র্কে ১১ সেপ্টেম্বর হামলার পর আল-কায়দার ওপর অবরোধ আরোপ করা হয়েছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এছাড়া নিরাপত্তা পরিষদ ওসামা বিন লাদেনের সহযোগীদের তালিকা তৈরি ছাড়াও সাবেক তালেবান নেতাদের ভ্রমণে নিষেধাজ্ঞা ও সম্পত্তি জব্দ করার বিষয়টিও অনুমোদন করেছে। ওসামা বিন লাদেন ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের আগে আফগানিস্তানে আশ্রয় নিয়েছেলেন। বর্তমানে আফগানিস্তানে আল-কায়দা ও সন্দেহভাজন তালেবান যোদ্ধারা মার্কিন বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে।
অবরোধের আওতায় জাতিসংঘের সকল সদস্য দেশকে সন্দেহভাজন আল-কায়দা ও তালেবান সহযোগীদের সাথে কোন প্রকার লেনদেন, অস্ত্র কেনাবেচা এবং আশ্রয় না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
