মার্কিন সন্ত্রাস-বিরোধী প্যাট্রিয়ট অ্যাক্ট নবায়নে সিনেটের অনুমোদন
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে হামলার পর সন্ত্রাসীদের নির্মূল ও দমন করার লক্ষ্যে সরকারকে বিশেষ ক্ষমতা প্রদানের লক্ষ্যে প্রণীত সন্ত্রাস-বিরোধী প্যাট্রিয়ট অ্যাক্টের নবায়ন সংক্রান্ত বিল শুক্রবার মার্কিন সিনেট অনুমোদন করেছে।
২০০১ সালে পাস করা প্যাট্রিয়ট অ্যাক্টের কিছু কিছু অংশের মেয়াদ চলতি বছরে শেষ হয়ে যাবে বিধায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ আইনটি স্থায়ী করতে কংগ্রেসের প্রতি যে আহ্বান জানিয়েছিলেন, তারই প্রেক্ষিতেই সিনেট বিলটি অনুমোদন করল। সিনেটে বিলটি বিতর্ক ছাড়াই পাস হয়।
হাউজ অব রিপ্রেজেন্টেটিভ জুন মাসে আইনটি পাস করে। কিন্তু বিলের কিছু কিছু অংশ নিয়ে বিতর্ক থাকায় প্রেসিডেন্টের কাছে চূড়ান্ত অনুমোদনে জন্য প্রেরণের আগে পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদনের প্রয়োজন ছিল।
সিনেটের অনুমোদন লাভের পর মার্কিন বিচার বিভাগের মুখপাত্র তাসিয়া স্কোলিনোস বলেন, তদন্ত দল ও প্রসিকিউটরদের ক্ষমতার অভাব যেন সন্ত্রাসীদের হামলা প্রতিহত ও ভণ্ডুল করতে ব্যর্থ না হয়, সে জন্য আমরা আশা করছি কংগ্রেস জরুরি ভিত্তিতে বিলটি পাসের জন্য প্রেসিডেন্টের কাছে প্রেরণ করবে।
প্রেসিডেন্টের অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে।
বিলটি আইনে পরিণত হলে নিরাপত্তা কর্মীরা ও সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা যে কোন ব্যক্তির গবেষণা কেন্দ্র, লাইব্রেরি ও মেডিকেল রেকর্ড তল্লাশি চালিয়ে দেখতে পারবে। অবশ্য নিরাপত্তা কর্মীদের আগে থেকে গোপন একটি আদালতের অনুমতি নিতে হবে। আইনটির সময়সীমা হবে চার বছর।
এছাড়া টেলিফোনে আঁড়িপাতার অংশটির নবায়নের জন্য সরকার দশ বছর সময় চাইলেও সিনেট সেটিও চার বছর মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে।
লন্ডনের ৭ জুলাইয়ের পাতাল রেল ও বাসে আত্মঘাতী বোমা হামলার কারণে হোয়াইট হাউজ প্যাট্রিয়ট অ্যাক্টের মেয়াদ বৃদ্ধি ও নিরাপত্তা বাহিনীকে আরও ক্ষমতা প্রদানে পার্লামেন্টে বিলটি উত্থাপন করে।
