২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এইডস বিরোধী লড়াইয়ে এবার মহিলাদের জন্য কনডম

ভারতের এইডস বিরোধী লড়াইয়ের সর্বশেষ সংযোজন মহিলাদের জন্য কনডম। পেশাদার যৌনকর্মীদের জন্য কম মূল্যে ও অন্যান্যদের জন্য বেশ সুলভে চলতি বছরের মধ্যেই কনডম সরবরাহ শুরু হবে। রাষ্ট্র-নিয়ন্ত্রিত গর্ভনিরোধক দপ্তর শুক্রবার এ তথ্য জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 12:48 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

হিন্দুস্তান লেটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম আয়াপ্পান জানান, মহিলারা কনডম ব্যবহারের সক্ষম হলে এইচআইভি ভাইরাসে আক্রান্ত না হওয়ার ক্ষেত্রে তাদের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

২০০৪ সালের সরকারি এক পরিসংখ্যান মতে, ভারতে প্রতি বছর ১৬০ কোটি পুরুষ কনডম বিক্রি হয়। আর দেশটিতে এইচআইভি আক্রান্তের সংখ্যা ৫১ লাখ (পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ; দক্ষিণ আফ্রিকা প্রথম)। এদের মধ্যে এক তৃতীয়াংশই মহিলা এবং এসব মহিলাদের ১৫ শতাংশ পেশাদার যৌনকর্মী ও ২২ ভাগ গৃহিনী।

আয়াপ্পান বলেন, অধিকাংশ যৌনকর্মীরা কনডম ব্যবহার করতে চাইলেও, পুরুষ খদ্দেররা কনডম ব্যবহার করতে চান না। আর এ কারণেই পুরুষদের কনডম ব্যবহার বৃদ্ধির মাধ্যমে এইডস প্রতিরোধের সরকারি প্রাথমিক প্রচেষ্টা সীমিত আকারে সফল হয়েছে। মহিলাদের কনডম ব্যবহারের পদ্ধতি কার্যকর করতে পারলে যৌন মিলনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে মহিলারাই বেশি ভূমিকা পালন করতে সক্ষম হবেন। মহিলা যৌনকর্মীদের কনডম ব্যবহার করার অধিকার প্রতিষ্ঠা করাই তার কোম্পানির চেষ্টা বলে তিনি জানান।

প্রাথমিকভাবে এইচএরএল লন্ডনের শিকাগোভিত্তিক ফিমেল হেলথ কোম্পানির তৈরি করা কনডম আমদানি করা হবে।

আয়াপ্পান জানান, ৯৪ শতাংশ যৌনকর্মীরা মহিলা কনডম ব্যবহারের পক্ষে মত দিয়েছেন। তাদের কাছে সুলভে কনডম পৌঁছাতে দামের ব্যাপারটি তাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আমদানি করার সময় প্রতিটি কনডমের দাম পড়বে এক মার্কিন ডলার। বিপণন ও বন্টন খরচ বাবদ তা এক দশমিক তিন ডলারে গিয়ে দাঁড়াবে।

আর তাই ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বিশেষ ভর্তূকি দিতে রাজি হয়েছে। সেক্ষেত্রে পেশাদার যৌনকর্মীদের জন্য দাম পড়বে ১২ সেন্টস। আর অন্যান্যদের জন্য এর দাম পড়বে দুই দশমিক তিন ডলার।