২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের অতীত এখনও খতিয়ে দেখছে ওয়াশিংটন

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ১৯৭৯ সালে ইরানের রাজধানী তেহরানে মার্কিন দূতাবাসে মার্কিন নাগরিকদের জিম্মির ঘটনার পিছনে দেশটির নর্বনির্বাচিত প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জড়িত ছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 01:51 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

তবে তিনি সরাসরি জিম্মির ঘটনার অংশ নিয়েছেন কিনা সে ব্যাপারে হোয়াইট হাউজ সরাসরি কিছু জানাতে পারেনি।

হোয়াইট হাউজ মুখপাত্র স্কট ম্যাকক্লিন বলেন, প্রেসিডেন্টের নির্দেশ মতে, ১৯৭৯ সালের তেহরানের মার্কিন দূতাবাসে জিম্মির ঘটনার সাথে ইরানের প্রেসিডেন্টের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখেছি। তিনি ইরানের ইসলামী বিপ্লব সংগঠনকারী ছাত্র সংগঠনের সদস্য ছিলেন। এই ছাত্র সংগঠনটি মার্কিন নাগরিক জিম্মির ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল।

ম্যাকক্লিন বলেন, জিম্মিকারীদের একজন তিনি ছিলেন কিনা, সে বিষয়টি আমরা এখনও খতিয়ে দেখছি। পর্যবেক্ষণ চলতেই থাকবে বলে তিনি জানান।

তিনি বলেন, ইরানের যে ইতিহাস, তাতে করে প্রেসিডেন্ট জিম্মির ঘটনায় সরাসরি অংশগ্রহণ করলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।

১৯৭৯ সালের ৪ নভেম্বর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ্ খোমেনির অনুগত একদল ডানপন্থি ছাত্র তেহরানের মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে ৫২ মার্কিন নাগরিককে টানা ৪৪৪দিন জিম্মি করে রাখে।

ডানপন্থি আহমাদিনেজাদ অবশ্য মার্কিনিদের জিম্মির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।