ইরাকে মার্কিন সেনারা মানসিক সমস্যায় থাকেন: জরিপ
ইরাক থেকে দেশে ফেরার তিন থেকে চার মাসের মধ্যেই এক জরিপে অংশ নেয়া মার্কিন সেনাদের ৩০ শতাংশ তাদের মানসিক চাপ সংক্রান্ত স্বাস্থ্য সমস্যাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর সার্জন জেনারেল বৃহস্পতিবার এ তথ্য জানান।
সেনাবাহিনীর লেফট্যানেন্ট জেনারেল কেভিন কিলিসহ অন্যান্য সামরিক চিকিৎসকরা জানান, ইরাক থেকে দেশে ফেরা এক হাজার মার্কিন সেনার উপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, সেনারা হতাশা, রাগ, দুঃস্বপ্ন ও অমনোযোগিতাসহ বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছেন। তাদের একটি ক্ষুদ্র অংশের মধ্যে মানসিক সমস্যা চরম আকারে দেখা গেছে।
সামরিক মনোবিজ্ঞানী কর্নেল এলসপেথ রিশি জানান, ইরাক ত্যাগ করার পরপরই সেনাদের পরীক্ষা করে দেখা গেছে, তাদের ত্রিশ ভাগের মানসিক অবস্থার উন্নতি হতে শুরু করেছে।
২০০৪ সালে ইরাক থেকে এক হাজার মার্কিন সেনা ইতালিতে তাদের সামরিক ঘাঁটিতে ফিরে আসার তিন থেকে চার মাস পর তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয়। এতে দেখা যায়, ৩০ শতাংশ সেনা সামান্য মানসিক সমস্যায় ভুগছেন।
কিলির ভাষায়, যুদ্ধপরবর্তী চাপ কাটিয়ে উঠতে একটু বেশি সময় লাগে। যদিও যুদ্ধক্ষেত্র থেকে বাড়ি ফেরা সেনাদের মাত্র ৩/৪ শতাংশ মারাত্মক মানসিক চাপে থাকে, যুদ্ধপরবর্তী পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে তাদের অনেক সমস্যা হয়।
রিশি আরও জানান, সেনাদের মধ্যে যারা ন্যাশনাল গার্ডের তাদের সমস্যা আরো একধাপ এগিয়ে। ন্যাশনাল গার্ডের সেনারা যুদ্ধক্ষেত্র থেকে এসে যখন বেসামরিক কাজে অংশ নেয়, তখন তাদের অনেক সমস্যায় পড়তে হয়।
যুদ্ধক্ষেত্রে সামরিক যানের চালকদেরকেও সবসময় হুমকির ভিতর চলাচল করতে হয় বলে তাদের একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়।
যুদ্ধক্ষেত্রে মৃতদেহ ও ক্ষতবিক্ষত দেহ থেকে সেনাদের মানসিক অবস্থার অবনতিকে খুব সাধারণ একটি বিষয় বলে আখ্যায়িত করেছেন সামরিক ডাক্তাররা। আর এসবের কারণে তাদের স্বাভাবিক মানসিক অবস্থায় বিঘ্ন ঘটে এবং পরবর্তীতে তাদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলে।
ইরাকে বর্তমানে ২০০ মার্কিন মনোচিকিৎসক কাজ করছে। কোনও গেরিলা লড়াই থেকে ফেরার পর তারা সেনাদের সাথে কথা বলেন। এর মাধ্যমে তারা সেনাদেরকে আত্মহত্যা করা থেকে বিরত থাকতে সহায়তা করে। এ কারণে ইরাকে সেনাদের আত্মহত্যার হার ২৪ শতাংশ থেকে হ্রাস পেয়ে নয় শতাংশে দাঁড়িয়েছে।
