আইআরএ’ অস্ত্র ত্যাগের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন
উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ড বন্ধে আইরিশ রিপাবলিকান আর্মি যে ঘোষণা দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাকে স্বাগত জানিয়েছে।
পাশাপাশি স্থবির উত্তর আয়ারল্যান্ড শান্তি চুক্তি প্রক্রিয়ারও সচল করার আহ্বান জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রধান মুখপাত্র স্কট ম্যাকক্লিন আইরিশ রিপাবলিকান আর্মির (আইআরএ) ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ড বন্ধের ঘোষণাকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন। তবে এ ঘোষণাকে বাস্তবায়ন করতে তিনি আইআরএ’র প্রতি আহ্বান জানান। হোয়াইট হাউজের এক বিবৃতিতে ম্যাকক্লিন একথা বলেন।
স্কট ম্যাকক্লিন বলেন, আমরা আইআরএ’র সামরিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা সংক্রান্ত বিবৃতিকে স্বাগত জানাই। এটি একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বিবৃতি।
ম্যাকক্লিন বলেন, আইআরএ’র এ ঘোষণাই প্রমাণ করে বিদেশী কোন আধাসামরিক ও সন্ত্রাসী সংগঠনের সাথে তাদের যোগসূত্র নেই।
তিনি বলেন, আইআরএ’র ঘোষণা অনুযায়ী তাদেরকে আইনের শাসনের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ও সকল আধাসামরিক ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কাজ করতে হবে।
মার্কিন কংগ্রেসে আইরিশ বংশোদ্ভূত সিনেটর টেড কেনেডিও আইআরএ’র এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
বৃহস্পতিবার আইআরএ এক বিবৃতিতে উত্তর আয়ারল্যান্ড থেকে ব্রিটিশ শাসন বিরোধী কার্যকলাপ বন্ধের ঘোষণা দেয়। তাদের বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার ব্রিটিশ স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এ ঘোষণা কার্যকর হওয়ার কথা। তারা অস্ত্র ত্যাগের পাশাপাশি মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের আকাঙ্খাও প্রকাশ করে।
গত ৩০ বছর ধরে আইআরএ উত্তর আয়ারল্যান্ডে সামরিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের সাথে সরকারি বাহিনীর সহিংসতায় কমপক্ষে ৩,৬০০ লোক প্রাণ হারিয়েছে। এর অর্ধেকই নিহত হয়েছে সরাসরি আইআরএ’র হাতে। অবশ্য ১৯৯৭ সালে ব্রিটিশ সরকারের সাথে তাদের একটি অস্ত্র বিরতি চুক্তি হয়।
