লন্ডন বোমা : গ্রেপ্তারকৃত ওমরকে জিজ্ঞাসাবাদ
লন্ডনে বোমা হামলার ঘটনায় পুলিশ একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে। বুধবার ইয়াসির হাসান ওমর নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।
লন্ডন পুলিশ জানিয়েছে, ইয়াসির হাসান ওমর সোমালিয়ার নাগরিক।
ওমরের গ্রেপ্তারের ঘটনা লন্ডনে বোমা হামলা তদন্তে নতুন মোড় এনে দেবে বলে ধারণা করছে পুলিশ।
লন্ডন পুলিশ কর্মকর্তা পিটার ক্লার্ক বলেছেন, ওমরের কাছ থেকে হামলার সাথে জড়িতদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তাদের ধারণা। তিনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দ্বিতীয়বার হামলার সাথে জড়িত আরও তিন ব্যক্তি এখনও পলাতক রয়েছে এবং তারা এখনো লন্ডনের জন্য হুমকি স্বরূপ।
বুধবার বার্মিংহাম শহরের হেইবার্নস রোডের একটি বাসা থেকে ওমরকে গ্রেপ্তার করা হয়। ওমরকে ধরার সময় পুলিশ বৈদ্যুতিক স্টানগান ব্যবহার করে। এ সময় ঐ এলাকায় ব্যাপক সতর্কতা অবলম্বন করে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা জানান, ওমরের কাছে আরও বোমা থাকতে পারে, এ আশংকায় সতর্ক অবস্থান নেয়া হয়। বর্তমানে ব্যাপক নিরাপত্তা বেষ্টিত প্যাডিংটন গ্রিন পুলিশ স্টেশনে ওমরকে জিজ্ঞাসাবাদ চলছে।
২৪ বছর বয়সী ওমর লন্ডনের ওয়ারেন স্ট্রিট পাতাল রেলে হামলার চেষ্টা করেছিল বলে পুলিশ জানায়।
ওমরকে গ্রেপ্তারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তিনি ওমরকে গ্রেপ্তারের ঘটনাকে লন্ডন হামলা তদন্তে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন।
গত ২১ জুলাই লন্ডনের তিনটি পাতাল রেল ও বাসে দ্বিতীয়বার ব্যর্থ বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে যে চার ব্যক্তির ছবি প্রকাশ করা হয়, ওমর তাদেরই একজন।
এদিকে বুধবারও লন্ডনের বিভিন্ন পাতাল রেলস্টেশনে ব্যাপক সতর্কতা নেয়া হয়।
