২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত আলজেরীয় দুই কূটনীতিককে হত্যা করা হয়েছে: আল-কায়েদা

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখা ও ইসলামী উগ্রবাদীদের দমন করতে অভিযান চালানোর কারণে ইরাকের রাজধানী বাগদাদ থেকে অপহৃত দুই আলজেরীয় কূটনীতিককে হত্যা করা হয়েছে বলে আল-কায়েদা বুধবার দাবি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 02:52 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

আল-কায়েদার ইরাক শাখার একটি ওয়েব সাইটে এ ব্যাপারে একটি বিবৃতি দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সৃষ্টিকর্তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আলজেরীয় সরকার মুসলিম নাগরিকদের নির্যাতন করার কারণে ইরাকে নিযুক্ত আলজেরিয়ার শীর্ষ কূটনীতিক আলী বেলারুসি (৬২) ও অপর কূটনীতিক আজ্জেদিন বেলকাদিকে (৪৭) হত্যা করা হয়েছে।

বিবৃতিতে কূটনীতিকদ্বয়কে হত্যা করার দাবি জানানো হলেও তাদের কোন ছবি সরবরাহ করা হয়নি। আর এ কারণেই আল-কায়েদার দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এই দুই কূটনীতিককে হত্যা করার মাধ্যমে আল-কায়েদা জুলাই মাসে ইরাকে নিযুক্ত তিন কূটনীতিককে হত্যা করল। এর আগে ২ জুলাই তারা মিসরীয় শীর্ষ কূটনীতিক ইহাব আল-শরীফকে (৫১) অপহরণের পর হত্যা করে। ইরাকের বর্তমান সরকারকে বিপাকে ফেলতেই এসব হত্যাকাণ্ড চালানো হচ্ছে বলে তারা স্বীকার করেছে।

আলজেরিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত বেতারে অন্যান্য নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করে ইরাকে নিযুক্ত আলজেরীয় কূটনীতিকদের হত্যার খবর প্রচার করে। প্রেসিডেন্ট আব্দেলাজিজ বুতিফলিকা হত্যার নিন্দা জ্ঞাপন করে বলেছেন, গেরিলারা এমন এক দেশের কূটনীতিকদের হত্যা করল, যে দেশ সব সময় ইরাকের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, বাগদাদের মনসুর এলাকা থেকে ২১ জুলাই বিদ্রোহী গেরিলারা অস্ত্রের মুখে বেলারুসি ও বেলকাদিকে অপহরণ করে। অপহরণের পরপরই তাদের চোখ বাঁধা ছবি আল-কায়েদার ওয়েব সাইটে প্রকাশ করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্র বাহিনীর ২০০৩ সালের মার্চে ইরাক আগ্রাসন শুরু হওয়ার পর বিদ্রোহী গেরিলারা বিভিন্ন দেশের ২১০ জন কূটনীতিককে অপহরণ করেছে। তাদের মধ্যে কমপক্ষে ৪০ জনকে হত্যা করেছে।