কেনিয়ায় ম্যালেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
কেনিয়ার সন্তানসম্ভবা মহিলা ও শিশুদের মৃত্যুর জন্য দায়ি ঘাতক ব্যাধি ম্যালেরিয়ার বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট মোওয়াই কিবাকি যুদ্ধ ঘোষণা করেছেন।
জাতিসংঘ গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলেসিস অ্যান্ড ম্যালেরিয়া’র অর্থায়নে কেনিয়ার ন্যাশনাল ম্যালেরিয়া প্রোগ্রাম বিনামূল্যে মশারি বিতরণ ও ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য কৌশল নির্ধারণমূলক কর্মসূচি হাতে নিয়েছে।
কেনিয়া সরকার ম্যালেরিয়া-বিরোধী যুদ্ধ চালিয়ে যাবার জন্য জাতিসংঘের কাছে ১৮৬ মিলিয়ন মার্কিন ডলারের সাহায্য চেয়েছিল। জাতিসংঘের সংশ্লিষ্ট তহবিল পুরোটাই অনুমোদন করেছে। প্রাপ্ত অর্থ থেকে ম্যালেরিয়া-বিরোধী কর্মসূিচ বাস্তবায়নে সরকার ইতোমধ্যে ৮২ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি বছর কেনিয়ায় পাঁচ বছরের কম বয়সী ৩৪ হাজার শিশুর মৃত্যুর জন্য ম্যালেরিয়া দায়ি। এছাড়া হাসপাতালে যে পরিমান রোগী প্রতি বছর সেবা নিয়ে থাকে, তার শতকরা ২০ ভাগ হল ম্যালেরিয়া রোগী।
কিবাকি বলেন, অর্থনৈতিক দিক থেকে কেনিয়ার অর্থনৈতিক উৎপাদনশীলতার পথে ম্যালেরিয়া বড় ধরনের বাধা। কিন্তু সরকার এ প্রবণতার পরিবর্তন চায়। ম্যালেরিয়া মোকাবিলা করার জন্য সরকার ইতোমধ্যেই মশারির উপর থেকে কর ও অন্যান্য শুল্ক প্রত্যাহার করে নিয়েছে বলে তিনি জানান।
কেনিয়ার ৩২ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ২০ মিলিয়ন লোকেরই ম্যালেরিয়া রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
