এশিয়ার বিমান পরিবহন ব্যবস্থায় একীভূত হওয়ার জোয়ার
সিঙ্গাপুরভিত্তিক জেটস্টার এশিয়া ভ্যালুএয়ারের সাথে একীভূত হওয়ার পর এশিয়ার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সস্তা বিমান পরিবহন ব্যবস্থা শিল্পে আরও একীভূত হওয়ার সম্ভাবনা জোরদার হয়েছে। সোমবার বিশ্লেষকরা এ তথ্য জানান।
জ্বালানির উচ্চ মূল্য, সরকারি বিধি নিষেধ ও বিমান পরিবহন কোম্পানিগুলোর প্রতিযোগিতার কারণেই এ পরিস্থিতি সৃষ্টির প্রধান কারণ।
কুয়ালালামপুর ভিত্তিক বিমান পরিবহন বিশ্লেষক এবং ওএসকে রিসার্চের গবেষক ক্রিস ইং বলেন, আমরা আরও একীভূত হওয়ার ঘটনা দেখতে পাব। একত্রীকরণের মাধ্যমে কেউ কেউ প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে অথবা আবার কেউ তাদের পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে।
ক্রিস ইং বলেন, এর ফলে আগামী কয়েক বছরের মধ্যেই দক্ষিণ-পূর্ব এশিয়ার আটটি এয়ারলাইন্সের সংখ্যা কমে এখন তিন থেকে চারটিতে দাঁড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে।
সিডনি ভিত্তিক সেন্টার ফর এশিয়া-প্যাসিফিক এভিয়েশনের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা এন্ড্রি মিলার জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় পরিবহন ব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণ প্রত্যাহারের পর থেকে সেখানেও একীভূত হওয়ার প্রবণতা দেখা গেছে। এশিয়ার বর্তমান প্রবণতাও এর ব্যতিক্রম নয়।
