নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবাকে দুর্নীতির দায়ে কারাদণ্ড প্রধান
নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে দুর্নীতির দায়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নেপালের একটি দুর্নীতি দমন প্যানেল এ দণ্ডাদেশ দেয়।
বিভিন্ন বার্তাসংস্থা জানায়, মাল্টি মিলিয়ন ডলারের বিতর্কিত একটি পানি প্রকল্পের প্রবেশ পথ নির্মাণে এক মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ কেলেংকারির অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হল। নেপালে এই প্রথম শীর্ষস্থানীয় কোনও নেতাকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হল।
নেপালের মানবাধিকার গ্রুপগুলো জানায়, গত ফেব্রুয়ারিতে ক্যুয়ের পর রাজা জ্ঞানেন্দ্র এ দুর্নীতি দমন প্যানেল গঠন করেন।
একটি বার্তাসংস্থাকে প্রতিক্রিয়া জানিয়ে দেউবা বলেন, এ মামলার কোনও ভিত্তি নেই। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা রাজিৈতকভাবেই এর মোকাবেলা করব।
দুর্নীতি দমন প্যানেল সাবেক মন্ত্রী প্রকাশ মান সিং সহ আরও চারজনকে অভিযুক্ত করেছে।
গত ফেব্রুয়ারিতে রাজা জ্ঞানেন্দ্র প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে ক্ষমতা থেকে অপসারিত করেন। দেউবা দুর্নীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত রয়্যাল কমিশনকে অসাংবিধানিক ও অবৈধ বলে উল্লেখ করেন।
দেউবা ও সিং গত তিন মাস ধরে অন্তরীণ রয়েছেন। প্যানেলের সামনে তাদের অপরাধ যাচাইয়ের ব্যাপারে আবেদন জানাতে এবং তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। আদালতে দণ্ডাদেশ ঘোষণার সময় চুপকরে তিনি এ রায় শুনেন। ওই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট অপর তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা ও বেসরকারি এক নিলামকারীকেও জেল ও জরিমানা দেওয়া হয়েছে।
প্যানেল জানায়, ওই রাস্তা নির্মাণের জন্য অতিরিক্ত ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় এবং অবৈধভাবে একটি অযোগ্য নির্মাতা প্রতিষ্ঠানকে এ কাজ প্রদান করা হয়।
দুর্নীতি নিয়ন্ত্রণ বিষয়ক রয়্যাল কমিশনের চেয়ারম্যান ভক্ত বাহাদুর কৈরালা বলেন, দেউবাকে দুই বছরের কারাদণ্ড এবং ১৩ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
দেউবা এ ব্যাপারে সুপ্রিম কোর্ট আপিল করবেন বলে জানা গেছে।
গত ১ ফেব্রুয়ারি রাজা জ্ঞানেন্দ্র মন্ত্রীপরিষদ ভেঙ্গে দিয়ে সরাসরি ক্ষমতা হাতে তুলে নেন এবং দুর্নীতি ও মাওবাদী বিদ্রোহ দমনের অঙ্গীকার ব্যক্ত করেন। নেপালের বিরোধী দলগুলোর অভিমত হচ্ছে, দুর্নীতি কমিশন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। তারা এ কমিশনের কর্মকর্তাদের অযোগ্য বলে দাবি করেছেন।
খবরে বলা হয়, রাজার নিয়ন্ত্রিত মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্যকেও দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টে হাজির হতে হবে।
