এইডস-বিরোধী লড়াইয়ে প্রয়োজন রাজনৈতিক সমর্থন: আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা
এইডসের বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াইয়ে অগ্রগতির জন্য বড় ধরনের রাজনৈতিক সমর্থনের প্রয়োজন।
ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে এইডস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনে মঙ্গলবার এইডস কর্মীরা এ দাবি জানান।
এইডসের আধুনিক চিকিৎসা প্রদানে অগ্রগতি মূল্যায়ন করতে ৫,০০০ গবেষক ও বিশেষজ্ঞ রিও ডি জেনিরোতে আন্তর্জাতিক এইডস সমাজ (আইএএস)-এর তৃতীয় বার্ষিক কংগ্রেসে অংশ নিচ্ছেন। কংগ্রেসে ১১৪টি দেশের বিশেষজ্ঞবৃন্দ এইডস চিকিৎসা পদ্ধতির উন্নয়ন, ভ্যাকসিন ও অন্যান্য বৈজ্ঞানিক বিষয়াদি নিয়ে গবেষণা ফলাফল উপস্থাপন করবেন।
বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশনের এইচআইভি, টিউবারকুলোসিস অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেল্থ প্রোগ্রামের পরিচালক হেলেন গেইল বলেছেন, এইচআইভি/এইডস আক্রান্তদের আরও বেশি সেবা প্রদানে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করতে ব্যাপক রাজনৈতিক সমর্থন প্রয়োজন।
পৃথিবীর এইডস রোগীদের মধ্যে দুই-তৃতীয়াংশ আফ্রিকার হলেও আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণে সক্ষমতা তাদের নেই। লাতিন আমেরিকার ৪৬৫,০০০ এইচআইভি ভাইরাসধারী রোগীর মধ্যে ৬০ শতাংশ আধুনিক চিকিৎসা নিতে সক্ষম হয়েছে।
তবে লাতিন আমেরিকার অন্যান্য দেশের তুলনায় অনেকটা আক্রমণাত্মক ও সক্রিয়ভাবে ব্রাজিল সরকার এইডসের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। ২০০৪ ও ১৯৮০ সালের মধ্যে নিবন্ধনকৃত ৩৬২,৩৬৪ জন এইডস রোগীর মধ্যে ১৫০,০০০ জনকে তারা বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। আর এ কারণেই আন্তর্জাতিক এইডস সোসাইটির সম্মেলন স্থান হিসেবে ব্রাজিলকে বেছে নেয়া হয়েছে।
