লন্ডনের সন্দেহভাজন ২ বোমা হামলাকারীর নাম ও ছবি প্রকাশ
লন্ডনে তিনটি পাতাল রেল স্টেশন ও বাসে ২১ জুলাইয়ের বোমা হামলার ঘটনায় দুইজন সন্দেহভাজন হামলাকারীর ছবি ও নাম প্রকাশ করেছে লন্ডন পুলিশ।
ওয়ারেন স্ট্রিট স্টেশন, ওভাল স্টেশন ও শেফার্ড বুশ স্টেশনে ব্যর্থ বোমা হামলার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ইয়াসিন হাসান ওমর (২৪) ও মুক্তার সাঈদ ইব্রাহিমের (২৭) নাম ও ছবি প্রকাশ করেছে। ইব্রাহিমের লন্ডনের বাড়িতেও পুলিশ তল্লাশি চালিয়েছে।
তৃতীয় সন্দেহভাজন হিসেবে যাকে ধরা হচ্ছে সেই ওমরকে একটি নীলাভ লাল রংয়ের কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে স্টকওয়েল স্টেশনে প্রবেশ করতে দেখা গেছে। ওয়ারেন স্ট্রিট স্টেশন ও অক্সফোর্ড সার্কাস স্টেশনের মাঝামাঝিতে ওমর বোমা বিস্ফোরণের চেষ্টার করেছে বলে পুলিশ অভিযোগ করেছে।
এর কিছুক্ষণ পরেই ওমরকে ওয়ারেন স্ট্রিটে ব্যাগ ছাড়া দেখা গেছে বলে লন্ডন মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী শাখার প্রধান ক্লার্ক জানান।
পুলিশ জানিয়েছে, অর্ধ বিস্ফোরিত বোমাগুলো একই ধরনের প্লাস্টিকের খাবারের কন্টেইনারে রাখা ছিল। কন্টেইনারগুলো প্রস্তুত করা হয়ে থাকে ভারতে। ইংল্যান্ডের ১০০টি আউটলেটে এই কন্টেইনার পাওয়া যায়।
এদিকে সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পুলিশ তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। সোমবারও আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারকৃতদের সংখ্যা পাঁচে গিয়ে দাঁড়াল।
