সাবেক স্ত্রী জেমিমার সাথে আবারও সংসার গড়ার স্বপ্ন দেখছেন ইমরান
পাকিস্তানের সফল ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান এখনও তার সাবেক স্ত্রী জেমিমাকে ভালবাসেন এবং আবারও তার সাথে একত্রে সংসার করার স্বপ্ন দেখছেন।
লন্ডনে সম্প্রতি জেমিমার মা এনাবেল গোল্ডস্মিথ এর সাথে ইমরান সাক্ষাৎ করেছেন। জেমিমা ক্রিকেট তারকাকে ছেড়ে অভিনেতা হাগ গ্রান্টের সাথে নতুন করে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। লন্ডনের দি মেইল রোববার ইমরানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে জেমিমার চলে আসা তার হৃদয়ে ক্ষতের সৃষ্টি করলেও তিনি জেমিমা-গ্রান্টের সর্ম্পকের ব্যাপারে নাক গলাবেন না।
ইমরান তার ঘনিষ্ঠ বন্ধুদের জানিয়েছেন যে তিনি এখনও তার সাবেক স্ত্রীকে গভীরভাবে ভালবাসেন এবং আগামীতে তার সঙ্গে সর্ম্পক স্থাপনের বিষয়টি উড়িয়ে দেয়া যায না।
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক আরও বলেন, পুনরায় ‘স্বাভাবিক সংসার জীবনে’ ফিরে আসার জন্য তিনি এখন নিয়মিত লন্ডন এবং লাহোরে বসবাস শুরু করবেন।
ইমরান বলেন, রাজনৈতিক ক্যারিয়ারের জন্য অধিক সময় আমি লন্ডনে থাকতে অস্বীকার করার বিষয়টি আমার নয় বছরের দাম্পত্য জীবন ভেঙ্গে যাওয়ার অন্যতম কারন ছিল।
টেবলয়েডের রির্পোট অনুযায়ী, ইমরান (৫১) তার এক বন্ধুকে বলেন, “আমি এখনও জেমিমাকে ভালবাসি। সে জীবনে কি করবে তা মূলত সিদ্বান্ত নেওয়ার ভার তার উপর। পরিবারের বন্ধন ধরে রাখার জন্য আমরা খুবই আন্তরিক ছিলাম। কারণ আমাদের সন্তানরা সবচেয়ে ভাল একটি পরিবেশে যেন বেড়ে উঠে সে ব্যাপারে আমরা একান্তভাবে চেষ্টা চালিয়ে গেছি।”
পত্রিকাটি জানায়, গ্রান্টের সাথে জেমিমার অপ্রীতিকর সর্ম্পক গড়ে উঠার পরও ইমরান তার সাবেক স্ত্রীর সাথে এখনও টেলিফোনে কথা বলে থাকেন। জানা যায় গ্রান্ট তার সাবেক বান্ধবী এলিজাবেথ হার্লির সাথে ইদানিং গভীর সর্ম্পকে জড়িয়ে পড়ায় জেমিমা বেশ ক্ষিপ্ত।
পত্রিকাটি উল্লেখ করে যে, ৩১ বছর বয়সী জেমিমা ইমরানের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে এবং চলতি মাসেই তাদের দু’ছেলে সোলায়মান (৮) এবং কাসিম (৪)-এর সাথে ইমরান এবং জেমিমার একত্রে ছুটি কাটানোর পরিকল্পনা রয়েছে।
