কুকুরের কামড়ের মাশুল ২৮ হাজার ইউরো
লাওয়ারিশ কুকুর কামড়ে দেয়ায় ক্রোয়েশিয়ার এক মহিলা পাবেন ২৮ হাজার ইউরো বা ৩৩ হাজার আটশ’ মার্কিন ডলার।
শুধু তাই নয়, বাকি জীবনে প্রতি মাসে পাবেন ৮০ ইউরো বৃত্তি। তবে এজন্য তাকে ক্রোয়েশিয়ার জাগরেব শহরের স্থানীয় কর্তৃপক্ষের কাছে যথাযথ আবেদনও করতে হয়েছে। এসএম আদ্যোক্ষরযুক্ত অবসরপ্রাপ্ত মহিলাটি জাগরেব পার্কে পালিত কুকুরকে হাঁটাতে নিয়ে গেলে হঠাৎ করে একটি ভবঘুরে কুকুর তাকে ও তার কুকুরকে আক্রমণ করে বসে। মাটিতে পড়ে যাওয়া মাত্র ওই কুকুরটি তার হাত কামড়ে দেয়। এখন পর্যন্ত মহিলা ওই হাত দিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না।
ছয় বছর ধরে চলতে থাকা মামলায় জিতে তবেই এই পরিমাণ অর্থ পাচ্ছেন তিনি। নগর কর্তৃপক্ষ বলছেন, কুকুর দুইটির দিকে মহিলার ছুঁড়ে দেয়া হাড্ডির লড়াই থেকেই এমন ঘটনার সূত্রপাত। তবে প্রতক্ষ্যদর্শীরা এ ধারণা অমূলক বলে উড়িয়ে দিয়েছেন। ক্রোয়েশিয়ায় এ ধরণের ঘটনা বিরল।
