গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের গুলিতে ইসরাইলি দম্পতি নিহত
গাজা সীমান্তের কাছে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে এক ইসরাইলি দম্পতি নিহত হয়েছে।
গুলিতে বেশ কিছু লোক আহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকার প্রধান ইহুদি বসতির প্রবেশপথের কিসুফার্ম এলাকায় তিন ফিলিস্তিনি বন্দুকধারী একটি ইসরাইলি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে এক ইসরাইলি দম্পতি নিহত হয়। এছাড়া আরো বেশ কিছু লোক আহত হয়েছে।
বন্দুকধারীদের হামলার জবাবে ইসরাইলি সেনাবাহিনী তাদেরকে লক্ষ্য করে গুলি চালালে বন্দুকধারীদের অন্তত একজন আহত হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে।
ফিলিস্তিনি জঙ্গি সংগঠন আল-আকসা মার্টিয়ার্স ব্রিগেড ও ইসলামিক জিহাদ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রাজধানী তেল আবিব থেকে সেনাবাহিনীর সদস্যরা এক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলা পরিকল্পনাকারীকে আটক করেছে। তাকে দক্ষিণাঞ্চলীয় শহর সোদিরট থেকে আটক করা হয়।
