২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওজন কমান, সম্পদশালী হোন

মেদ কমিয়ে সুডৌল দেহের অধিকারী হতে পারলে কেবল স্বাস্থ্য ভালো থাকবে তাই নয়, যে কেউ আর্থিকভাবেও হবেন লাভবান।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 12:09 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর হিউম্যান রিসোর্স রিসার্চ-এর গবেষক জে ঝাগোরস্কি গত ১৫ বছরের তথ্যের ভিত্তিতে তার এক গবেষনা শেষে এ কথা বলেছেন।

ঝাগোরস্কির অনুসারী অন্যান্য গবেষকরাও অনুমান করছেন, মেদবহুল ব্যক্তিরা অতিরিক্ত ওজনের কারণে কর্মক্ষেত্রে বাধাপ্রাপ্ত হন, যা তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে। এছাড়াও মোটা হওয়ার কারণে খাদ্য এবং চিকিৎসাখাতেও বেশি ব্যয় করায় তাদের মোট ব্যয় অন্যদের চেয়ে বেশি হয়। কাজেই মেদ কমালে যে কেউই আর্থিকভাবে লাভবান হবেন।

জে ঝাগোরস্কি তার গবেষণায়ে দেখিয়েছেন, ওজন হ্রাসের ফলে যে কোন দৈহিক পরিবর্তন ব্যক্তির গড় সম্পদ অর্থাৎ মোট সম্পদ থেকে ঋণের পার্থক্যের সাথে সম্পর্কিত। দেখা গেছে, সাধারণ বডি ম্যাস ইনডেক্স (বিএমআই)যুক্ত ব্যক্তিদের সম্পদের পরিমাণ বেশি। অন্যদিকে ওজন ঝরাতে সক্ষম হয়েছেন এমন স্থুলকায় ব্যক্তিদের সম্পদের পরিমাণ বেড়েছে। আর স্বল্প ওজন কমাতে সক্ষমকারীদের আর্থিক সমৃদ্ধি হয়েছে সামান্য।

তবে তথ্যের ভিত্তি নিয়ে কিছুটা সংশয় রয়েই যায়। কেননা, দেখা গেছে, স্থুলকায় কালো ব্যক্তিদের গড় সম্পদ, চিকন কালো ব্যক্তিদের চেয়ে বেশি। তাছাড়া আফ্রিকান-আমেরিকান পুরুষদের বিএমআই ও সম্পদের মধ্যকার সম্পর্কেরও কোন ভিত্তি নেই। আবার সাদা মহিলাদের গড় সম্পদের পরিমাণ তখনই বেড়েছে যখন তাদের বিএমআই ‘স্বাভাবিক’-এর মাত্রা সামান্য ছাড়িয়েছে। অথচ সাদা পুরুষ ও কালো মহিলাদের গড় সম্পদ বেড়েছে তখন, যখন তাদের বিএমআই-এর মাত্রা সর্বোচ্চ। এই মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সাদা মহিলারা হারিয়েছে সম্পদের পরিমাণ।

বর্ণ ও লিঙ্গগত এ পার্থক্যের কারণে ফলাফলের তারতম্যের কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি।