২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকাংশ আমেরিকানের বিশ্বাস ইরাক যুদ্ধই সন্ত্রাসবাদের ঝুঁকি বাড়াচ্ছে

অধিকাংশ মার্কিন নাগরিকই বিশ্বাস করেন, ইরাক যুদ্ধই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী লড়াইকে প্রশ্নবিদ্ধ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আর সন্ত্রাসী হামলার ঝুঁকি বৃদ্ধি করেছে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ থেকে এ তথ্য জানা যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 11:16 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

পিউ রিসার্চ সেন্টারের ‘ফর দ্য পিপল অ্যান্ড দ্য প্রেস‘ শিরোনামের জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশগ্রহণকারী মার্কিন নাগরিকদের প্রায় অর্ধেক (৪৭ ভাগ) বিশ্বাস করেন, ইরাক যুদ্ধ সন্ত্রাসবাদ বিরোধী লড়াইকে আহত করেছে।

এছাড়া আরও শতকরা ৪৫ জন বলেছেন, লন্ডনের পাতাল রেল ও বাসে ৭ জুলাইয়ের আত্মঘাতী বোমা হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ঝুঁকি আগের তুলনায় অনেক বেড়ে গেছে।

তবে যুদ্ধোত্তরকালীন ইরাকের পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে, তার কারণে ইরাক যুদ্ধের নৈতিকতা ও বৈধতা নিয়ে সন্দেহ অনেকটাই কেটে গেছে। জরিপে অংশকারীর ৫২ শতাংশ বলেছেন, ইরাক স্থিতিশীল না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর সেখানে থাকা উচিত। অপরদিকে ৪৯ শতাংশ ইরাক যুদ্ধে যাওয়াকে সমর্থন করেছেন।

জরিপে অংশ নেয়া দশজনের ছয়জন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে। অপরদিকে এক-তৃতীয়াংশ বলেছেন, ইরাক পুনর্গঠনে ওয়াশিংটন ব্যর্থ হবে।

১,৫০২ জন পূর্ণবয়স্ক লোকের উপর ১৩-১৭ জুলাই এ জরিপ পরিচালনা করা হয়।