লন্ডন বিস্ফোরণের সাথে জড়িত চার সন্দেহভাজনের ছবি প্রকাশ
লন্ডনের তিনটি পাতাল রেল স্টেশন ও একটি বাসে চারটি ব্যর্থ বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গোপন ক্যামেরায় ( সিসিটিভি) ধারণকৃত স্কটল্যান্ড ইয়ার্ড শুক্রবার চার সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে।
প্রকাশিত ছবির ব্যক্তি সম্পর্কে যে কোন তথ্য পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানোর জন্য স্কটল্যান্ড ইয়ার্ড জনসাধারণকে ৯৯৯ নম্বরে ফোন করতে বলেছে। এছাড়া চারজনের একজনকে চিহ্নিত করতে পারলেই সন্ত্রাসবিরোধী হটলাইন ব্যবহার করতে বলা হয়েছে।
চার সন্দেহভাজনের সিসিটিভিতে ধারণকৃত ছবি প্রকাশের পাশাপাশি পুলিশ তাদের চলাফেরা সম্পর্কেও বেশ কিছু তথ্য ছেপেছে। প্রথম ছবিতে দেখা গেছে, কালো সোয়েটার পরিহিত এক লোক বৃহস্পতিবার স্থানীয় সময় ১২৩৪ এ ওভাল স্টেশনের নর্দার্ন লাইন থেকে দ্রুত বেরিয়ে যাচ্ছে। পরবর্তীতে তাকে ব্রিক্সটনেও দেখা গেছে।
দ্বিতীয় ছবিতে দেখা গেছে, ২৬ নম্বর বাসে করে এক ব্যক্তি ওয়াটার লু থেকে হ্যাকনি উইকে যাচ্ছে। হ্যাকনি রোডে সে বাস থেকে ১৩০৬ টায় নামছে।
তৃতীয় ছবিতে দেখা গেছে, স্থানীয় সময় ১২৩৯ টায় অপরজন ওয়ারেন স্ট্রিট স্টেশন ত্যাগ করছে।
ওয়েস্টবোর্ন পার্ক স্টেশন থেকে ১২২১টায় যে ব্যক্তির ছবি ধারণ করা হয়েছে, পুলিশের ধারণা সে হ্যামারস্মিথ ও সিটি লাইন স্টেশন থেকে শেফার্ড’স বুশ স্টেশনে যাচ্ছিল। শেফার্ড’স বুশ স্টেশন থেকে ব্যক্তিটি পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
স্টকওয়েল স্টেশনে শুক্রবার পুলিশের গুলিতে নিহত ব্যক্তিটিই যে ওভাল স্টেশনের বিস্ফোরণের সাথে জড়িত ছিল, সে বিষয়টি পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।
লন্ডনে গুলি করে সন্দেহভাজনকে হত্যার পরপরই পুলিশ অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে কেন্দ্রীয় লন্ডনের প্যাডিংটন গ্রীন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
